ছাত্র আন্দোলনে নিহত শাবিপ্রবির রুদ্রের পরিবারকে ৩ লাখ টাকা প্রদান

দিনাজপুর প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী রুদ্র সেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের ধাওয়ায় পানিতে পড়ে মারা যান। দুর্গাপূজা উপলক্ষ্যে তার পরিবারকে পোশাক এবং তিন লাখ টাকার চেক প্রদান করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসন।

শনিবার নিহতের পরিবারের সাথে দেখা করে এই চেক প্রদান করেন শাবিপ্রবির নব-নিযুক্ত উপাচার্য অধ্যাপক ড.এ এম সরওয়ারউদ্দিন চৌধুরী। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড.মো. সাজেদুল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. ইসমাইল হোসেন, উপাচার্যের পিএস ড.সালাহউদ্দিন এবং ডেপুটি রেজিস্ট্রার ইউনুছ আলী ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আসাদুল্লাহ আল গালিব উপস্থিত ছিলেন।

এসময় রুদ্র সেনের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড.এ এম সরওয়ারউদ্দিন চৌধুরি রুদ্র সেনের স্মৃতি রক্ষার্থে বিশ্ববিদ্যালয়ে স্থায়ী কোন কিছু করার আশ্বাস দেন এবং পরিবারের সদস্যদেরকে ক্যাম্পাসে আসার আহ্বান জানান।
উল্লেখ্য, রুদ্র সেন শাবিপ্রবির কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের শিক্ষার্থী ছিলেন। তিনি দিনাজপুর সদরের পাহাড়পুর এলাকার সুবীর সেন ও শিখা বণিক দম্পতির ছেলে। ১৮জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শাবিপ্রবিতে সংঘর্ষের সময় পুলিশের ধাওয়া খেয়ে কয়েকজন বন্ধুর সঙ্গে খাল পার হতে গিয়ে পানিতে ডুবে প্রাণ হারান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights