স্বর্ণের দাম বেড়েছে

অনলাইন ডেস্ক
দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

ভরিতে সর্বোচ্চ ২ হাজার ৬১৩ টাকা বা‌ড়িয়ে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। দাম বাড়ানোর ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম হবে ১ লাখ ৪০ হাজার ৬১ টাকা।

আজ শনিবার বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আগামীকাল রবিবার থেকে স্বর্ণের নতুন দাম কার্যকর হবে।

নতুন মূল্য অনুযায়ী ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম বেড়ে ১ লাখ ৩৩ হাজার ৭০৪ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ছাড়া ১৮ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ১ লাখ ১৪ হাজার ৫৯৯ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণের দাম ৯৪ হাজার ১১৭ টাকা করা হয়েছে।

তবে অপরিবর্তীত রয়েছে রূপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটের রূপার দাম ভরি ২ হাজার ১০০ টাকা। ২১ ক্যারেটের রূপার দাম ভরি ২ হাজার ৬ টাকা এবং ১৮ ক্যারেটের রূপার দাম ভরি ১ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে। আর সনাতন পদ্ধতির এক ভরি রূপার দাম ১ হাজার ২৮৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

সর্বশেষ গত ২৮ সেপ্টেম্বর দেশের বাজারে স্বর্ণের দাম কমানো হয় ভরিতে সর্বোচ্চ ১ হাজার ২৬০ টাকা। তবে এর আগে ওই মাসে টানা চার দফা স্বর্ণের দাম বাড়ানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights