সিন্ডিকেট ভাঙতে নাটোরে শিক্ষার্থীদের জনতার বাজার

নাটোর প্রতিনিধি
বাজার সিন্ডিকেট ভাঙতে নাটোর স্বার্থ রক্ষা কমিটির উদ্যোগে চালু হয়েছে জনতার বাজার। যেখানে ন্যায্য মূল্যে বিক্রি করা হচ্ছে নিত্য প্রয়োজনীয় বিভিন্ন খাদ্য সামগ্রী। বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসা পর্যন্ত এভাবেই শাক-সবজি বিক্রি করা হবে বলে জানিয়েছেন তারা।

বুধবার সকাল থেকে নাটোর শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় শিক্ষার্থীরা এই বাজার চালু করে।

সরেজমিন দেখা যায়, জনতার বাজার কর্মসূচি সকাল সাড়ে ৭টা থেকে শুরু হয়। এ সময় শিক্ষার্থীরা বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় ও সবজি পণ্যের পসরা সাজিয়ে ক্রেতাদের কাছে বিক্রি করছে। সকাল থেকেই সড়ক পথের যাত্রীরা ও স্থানীয়রা শিক্ষার্থীদের থেকে পণ্য ক্রয় করেন। সকাল থেকে শুরু হওয়া এ বাজার কার্যক্রম দুপুর পর্যন্ত চলবে বলে জানান আয়োজকরা।
জনতার বাজারে চাল, ডিম, আলু, কচু, বেগুন, লাউ, পিঁয়াজ, কাঁচামরিচ, শসা, ডিম, শাক বিক্রি হয়। এর মধ্যে চাল প্রতিকেজি ৪৫ টাকা, ডিম প্রতি হালি ৪৯, আলু কেজি প্রতি ৫৪ টাকা, পিঁয়াজ কেজি প্রতি ১৩০ টাকা, বেগুন কেজি প্রতি ৫৫ টাকা।

বাজারটিতে পণ্য কিনতে আসা রফিকুল ইসলাম নামে এক ক্রেতা বলেন, জিনিসপত্রের অতিরিক্ত দামে মানুষের জন্য বর্তমানে বাজার করা খুব কঠিন হয়ে গেছে। এখানে সবকিছুরই দাম কম। শিক্ষার্থীদের এ উদ্যোগকে আমি সাধুবাদ জানাই।

নাটোর স্বার্থ রক্ষা কমিটির সদস্য সচিব শেখ রিফাদ মাহমুদ বলেন, নিত্যপণ্যের বাজারে অস্থিরতা বিরাজ করছে। ‌‌‘জনতার বাজার’ কর্মসূচির মাধ্যমে স্বল্পমূল্যে জনসাধারণের মাঝে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সামগ্রী ও সবজি বিক্রয় করা হচ্ছে। যেখানে সরাসরি কৃষকের থেকে পণ্য কিনে ভোক্তার কাছে সরবরাহ করা হচ্ছে, মাঝে থাকছে না কোনো সিন্ডিকেট। এতে সাধারণ জনগণের ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে।

কমিটির আহ্বায়ক আবদুল্লাহ আল নোমান পিয়াস জানান, প্রতি সপ্তাহে তিনদিন (বুধবার, বৃহ্স্পতিবার ও শুক্রবার) জনতার বাজার কার্যক্রম চলবে। ভবিষ্যতে আমরা মাছ, মাংসসহ আরও পণ্য বাড়াবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights