উল্টোপথে যান চলাচলে দীর্ঘ জট
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দির অংশে আইন ভেঙে উল্টোপথে যানবাহন চলাচলের কারণে গতকাল দীর্ঘ যানজট সৃষ্টি হয়। স্থানীয় ও গাড়ির চালকরা জানান, গতকাল ভোর ৬টার দিকে সড়কের আমিরাবাদ ও গৌরীপুর মোড়ের পূর্ব পাশে ইউটার্ন এলাকায় উল্টোপথে গাড়ি চলাচল করে। এতে সকাল ১০টা পর্যন্ত মহাসড়কের দাউদকান্দি থেকে আমিরাবাদ পর্যন্ত ১০ কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট লেগে যায়। এ সময় মহাসড়কে যাত্রীবাহী বাস, মাইক্রোবাস, ট্রাক, কার্গো, প্রাইভেট কার রোগীবাহী অ্যাম্বুলেন্সসহ বেশ কিছু যানবাহন যানজটে আটকা পড়ে। এতে যাত্রীদের সীমাহীন কষ্ট পোহাতে হয়। মহাসড়কের দাউদকান্দির বিশ্বরোডে ভুক্তভোগী অ্যাম্বুলেন্সচালক শাহ আলম বলেন, সকাল ৭টায় ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ থেকে রোগী নিয়ে কুমিল্লার উদ্দেশে রওনা দিয়েছি। বেলা ১০টার দিকে দাউদকান্দি এসে দেখি তীব্র যানজট। আল্লাহ জানেন কয়টা বাজে কুমিল্লা গিয়ে পৌঁছাতে পারব। এদিকে দাউদকান্দি হাইওয়ে থানা অফিসার ইনচার্জ ওসি মো. শাহীনুল ইসলাম বলেন, মহাসড়কে ভোর রাত থেকে যানবাহনের অতিরিক্ত চাপ ছিল। এ কারণে সড়কে ধীরগতিতে যানবাহন চলে। পরে আমাদের প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়।
