আজ থেকে ফ্যামিলি কার্ড ছাড়াও মিলবে টিসিবির পণ্য

অনলাইন ডেস্ক

ফ্যামিলি কার্ডধারীদের পাশাপাশি খোলা ট্রাক থেকে কার্ড ছাড়া ব্যক্তিও পাবেন টিসিবির পণ্য। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকাল ১০টায় দক্ষিণ বেগুনবাড়ি (দীপিকার মোড়), তেজগাঁও শিল্প এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করবেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

বুধবার (২৩ অক্টোবর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক নির্দেশনায় নিন্মআয়ের এক কোটি উপকারভোগী কার্ডধারী পরিবারের মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবির পণ্য বিক্রি করা হচ্ছে। এখন থেকে তারা ছাড়াও সাধারণ ভোক্তার কাছে ভর্তুকি মূল্যে টিসিবির পণ্য তেল, ডাল ও চাল বিক্রয়ের ব্যবস্থা নেওয়া হয়েছে। এসব পণ্য ঢাকা মহানগরীতে ৫০টি ও চট্টগ্রাম মহানগরীতে ২০টি ট্রাকে করে বিক্রি করা হবে। এই কার্যক্রম ২৪ অক্টোবর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত চলবে। তবে মূল্যস্ফীতি সহনীয় পর্যায়ে না আসলে পরে কার্যক্রম বৃদ্ধি করা হতে পারে।
এতে আরও বলা হয়, টিসিবির নির্ধারিত পয়েন্টে ট্রাকের সামনে লাইনে দাঁড়িয়ে ন্যায্যমূল্যের পণ্য (৪৭০ টাকা দিয়ে ৫ কেজি চাল, ২ কেজি মসুর ডাল, ২ লিটার সয়াবিন) নিতে পারবেন ভোক্তা সাধারণ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights