বগুড়ায় সাবেক এমপির দেহরক্ষী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়া-৬ সদর আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপুর দেহরক্ষী হিসেবে পরিচিত যুবলীগ কর্মী নিঝুম আনসারী নাহিদকে (৩৮) আটক করে পুলিশে দিয়েছে জনগণ।
সোমবার দুপুরে শহরের মফিজ পাগলার মোড় এলাকা থেকে তাকে আটক করা হয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, নিঝুম রিকশা যোগে শহরের শেরপুর সড়ক দিয়ে ঠনঠনিয়ার দিকে যাচ্ছিলেন। মফিজ পাগলার মোড়ে মোটরসাইকেলে আসা কিছু যুবক তাকে আটক করে মারধর শুরু করে। পরে জামায়াতে ইসলামীর একজন নেতা ডিবি পুলিশে সংবাদ দিলে পুলিশ এসে তাকে গ্রেফতার করে নিয়ে যায়।
জানা যায়, আটক নিঝুম বগুড়া শহরের শিববাটি শাহী মসজিদ লেনের মামুনুর রশিদের ছেলে। তিনি বগুড়া সদর আসনের সাবেক সংসদ সদস্য রাগেবুল আহসান রিপুর ঘনিষ্ঠ সহচর ছিলেন। দেহরক্ষীর মত সব সময় রিপুর সাথে থাকতেন। নিঝুমের নামে ২০১৩ সালে ছাত্রশিবির নেতা আবু রুহানী হত্যা মামলাসহ ৫টি মামলা রয়েছে।
বগুড়া জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ইনচার্জ মুস্তাফিজ হাসান জানান, নিঝুমকে মফিজ পাগলার মোড় এলাকা থেকে হেফাজতে নেয়া হয়। তাকে শিবির নেতা আবু রুহানী হত্যাসহ ৫ টি মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।
