সাভারে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি
সাভার প্রতিনিধি
সাভারে এক ব্যবসায়ীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা অস্ত্রের মুখে বাড়ির লোকজনকে জিম্মি করে নগদ টাকা স্বর্ণালংকারসহ ২০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে গেছে।
মঙ্গলবার ভোররাত চারটার দিকে সাভার পৌর এলাকার শাহীবাগ মহল্লায় ব্যবসায়ী মামুনুর রশিদের বাসায় এই ডাকাতির ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা জানান, ভোর রাত ৪ টার দিকে ৮-১০ জনের মুখোস পরিহিতি একদল সশস্ত্র ডাকাত ওই বাড়িতে হানা দেয়। ডাকাতরা বাড়ির দক্ষিন পাশের শয়ন কক্ষের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে। এসময় মুখোশধারী চার ডাকাত বাড়িটির বিভিন্ন কক্ষে ভাঙচুর চালিয়ে নগদ ছয় লাখ টাকা, ৮ ভরি স্বর্ণালংকারসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে। এছাড়া ডাকাতি শেষে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে খবর দেয়া হলে পরিবারের সবাইকে হত্যা করা হবে বলেও হুমকি দেয় ডাকাতরা। এঘটনায় ওই পরিবারের সদস্যরা ভয়ে এবং আতঙ্কে মুখ খুলছে না। সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুয়েল মিঞা জানান, ডাকাতির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠনো হয়েছে। বিষয়টি তদন্ত করে লিখিত অভিযোগের ভিত্তিতে প্রয়োজনী ব্যবস্থা গ্রহণ করা হবে।
