জামালপুর সদর উপজেলা আ. লীগের সম্পাদক স্বপন গ্রেফতার
জামালপুর প্রতিনিধি
জামালপুরে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে অস্ত্র প্রদর্শনের মামলায় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান স্বপনকে (৫৮) গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে জামালপুর কেন্দ্রীয় ঈদগাহের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার হাফিজুর রহমান স্বপন শৈলেরকান্দা এলাকার মৃত আ. সামাদের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, গত ৩ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সাধারণ ছাত্র-জনতার মিছিলে হামলা হয়। এ ঘটনায় ১৭ আগস্ট জামালপুর থানায় জেলা যুবলীগের সাধারণ সম্পাদক ফারহান আহমেদসহ তিনজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৩০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে পুলিশ।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ফয়সাল মো. আতিক জানান, বৈষম্যবিরোধী আন্দোলনে অস্ত্র প্রদর্শনের মামলায় হাফিজুর রহমানকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরও কোনো মামলা রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
