কুমিল্লায় প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ী নিহত

কুমিল্লা প্রতিনিধি
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় প্রতিপক্ষের হামলায় স্বপন আহমেদ (৪০) নামের এক গার্মেন্টস ব্যবসায়ী নিহত হয়েছেন।
শনিবার (২ নভেম্বর) বিকেলে উপজেলার শশীদল ইউনিয়নের ভারতীয় সীমান্তবর্তী রামচন্দ্রপুরের বাল্লক এলাকায় এ ঘটনা ঘটে। নিহত স্বপন আহমেদ বাল্লক এলাকার সুলতান আহমেদের ছেলে।

নিহতের ভাই আক্তার হোসেন জানান, সকালে ব্রাহ্মণবাড়িয়ার কসবার কইখলা এলাকায় তার চাচাতো ভাই শাহজালালের সঙ্গে পাশের গ্রামের রামচন্দ্রপুর এলাকার সালাউদ্দিনের মধ্যে বাকবিতণ্ডা ও হাতাহাতির ঘটনা ঘটে। এ ঘটনাকে কেন্দ্র করে দুপুরের দিকে সালাউদ্দিন, আবুল হোসেন, আনোয়ার, উজ্জ্বল, দেলোয়ার হোসেন, জহির উদ্দিন, মো. রহমতুল্লাহ, রবিউল হাসান ও আনোয়ার হোসেনসহ আরও কয়েকজন শাহজালালের বাড়িতে হামলা চালায়। এসময় শাহজালাল বাড়িতে ছিলেন না। হামলাকারীদের দেখে বাড়ির পাশের বাগানে তার ভাই মোফাজ্জল হোসেন সোহেল ও তার চাচাতো ভাই স্বপন আহমেদ লুকিয়ে থাকেন। হামলাকারীরা সেখানে গিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় শাহজালালের ভাই মোফাজ্জল হোসেন সোহেল ও স্বপন আহমেদকে কুপিয়ে গুরুতর আহত করে ঘটনাস্থলে ফেলে পালিয়ে যায়।
স্বজনরা আহতদের উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক স্বপনকে মৃত ঘোষণা করেন। আহত সোহেলের অবস্থার অবনতি দেখে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার উপ-পরিদর্শক (এসআই) আনিসুর রহমান বলেন, স্বপনের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights