সাগরমুখী কুতুবদিয়ার জেলেরা
মোহাম্মদ মিজানুর রহমান, কুতুবদিয়া
মাছ শিকারে ২২ দিনের নিষেধাজ্ঞার শেষ মুহূর্তে সাগরে যেতে শুরু করেছে কক্সবাজারের কুতুবদিয়ার জেলেরা। তাদের প্রত্যাশা আবহাওয়া ভালো থাকলে এবং ভাগ্য ভালো হলে এবার বেশি মাছ আহরণ করে ফিরতে পারবেন। এতে করে কিছুটা হলেও ধার-দেনা পরিশোধ করতে পারবেন।
জানা যায়, মধ্যরাতে শেষ হবে নিষেধাজ্ঞা। এরই মধ্যে অধিকাংশ নৌকা মাছ শিকারে গভীর সাগরে রওনা হয়েছে। সপ্তাহ থেকে শুরু করে ১৫ দিনের প্রস্তুতি নিয়ে এসব নৌকা মাছ শিকারে যায়। তবে, নিষেধাজ্ঞার মধ্যেও সাগরে যারা মাছ শিকারে গেছেন তাদের অনেকেই পর্যাপ্ত মাছ নিয়ে ফিরেছেন। এ কারণে এখন সাগরে মাছ শিকারের উপযুক্ত সময় বলে মনে করছেন জেলেরা।
জেলেরা জানান, এ ২২ দিন কষ্ট করে চলতে হয়েছে তাদের। তবে, বেশী মাছ পাওয়ার আশায় নতুন স্বপ্নে সাগরেমুখী তারা। ভাগ্য ভালো হলে বিগত দিনের ধারদেনা
পরিশোধ করার সুযোগ হবে বলেও জানান তারা।
কুতুবদিয়া মৎস্যজীবী ফেডারেশনের সভাপতি আবুল কালাম আজাদ বাংলাদেশ প্রতিদিনকে জানান, নিষেধাজ্ঞার শেষে কুতুবদিয়ার প্রায় সাড়ে ১৯ হাজার জেলে মাছ ধরতে সাগরে যাওয়ার সব প্রস্তুতি সম্পন্ন করেছে। ইতোমধ্যে সাগরে যাওয়া শুরু করেছে মাছ ধরার নৌকাগুলো।
উল্লেখ্য, ইলিশের প্রজনন বৃদ্ধির লক্ষ্যে ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত নদী ও সাগরে মাছ ধরার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে সরকার। ৩ নভেম্বর রাত ১২টা থেকে শেষ হচ্ছে মাছ ধরার ওপর ২২ দিনের নিষেধাজ্ঞা।
