লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুলিশের জাল পুকুরে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রামে লুট হওয়া অস্ত্র উদ্ধারে পুকুরে জাল দিয়েছে পুলিশ। পুকুরের চার কোণে জাল টেনে যাচ্ছেন ৫ জেলে। জাল ঘিরে পুলিশের তীক্ষ্ণ নজর। বড় কোনো মাছের লোভে নয়, অস্ত্রের সন্ধানে।

সোমবার পাহাড়তলী থানার বিটেক কলেজ রোড এলাকার একটি পুকুরে প্রায় দুই ঘণ্টা ধরে অভিযান চালানো হয়। তবে সেখান থেকে অস্ত্র উদ্ধার না হলেও পুলিশের ব্যবহৃত পুড়িয়ে দেওয়া দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, ভোররাতে থানা ভাঙচুর ও লুটপাটের অভিযোগে হওয়া মামলায় এক আসামিকে গ্রেফতার করেছে পাহাড়তলী থানা পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের একপর্যায়ে বিটেক কলেজ রোড এলাকার ওই পুকুরে অস্ত্র লুকিয়ে রাখার তথ্য দেয়। এরপরই পুলিশ ওই অস্ত্র উদ্ধারে অভিযানে নামে।
সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) কাজী তারেক আজিজ বলেন, ভোরবেলা এক আসামিকে গ্রেফতারের পর তার দেওয়া তথ্যের ভিত্তিতে একটি পুকুরে অভিযান চালিয়ে পুলিশের ব্যবহৃত দুটি পোড়ানো মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। তবে সেখানে অস্ত্র আছে বললেও তা পাওয়া যায়নি। এই থানা থেকে মোট ৩৫টি মোটরসাইকেল লুটপাট ও ভাঙচুর করা হয়েছে। যার তথ্যের ভিত্তিতে পুকুরে অভিযান চালানো হয়েছে, তাকে থানায় নিয়ে আবারও জিজ্ঞাসাবাদ করা হয়। তার তথ্যের ভিত্তিতে আকবরশাহ এলাকার একটি স্থানে অভিযান চালিয়ে একটি নাইন এমএম অস্ত্র উদ্ধার করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।

উল্লেখ্য, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের দিন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) প্রায় সব থানাসহ দেশের বিভিন্ন থানায় ভাঙচুর লুটপাট ও অগ্নিসংযোগ করা হয়। তখন থানার নথিপত্র জ্বালিয়ে দেওয়ার পাশাপাশি দুর্বৃত্তরা অস্ত্র, গুলি, জব্দকৃত মালামাল এবং পুলিশের ব্যবহৃত মোটরসাইকেলও লুট করে। আর তা উদ্ধারে প্রায়ই অভিযান চালাচ্ছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights