লো স্কোরিং ম্যাচে অস্ট্রেলিয়ার কষ্টার্জিত জয়

অনলাইন ডেস্ক

দুই ওপেনারকে দ্রুত হারানোর পর স্টিভেন স্মিথ ও জশ ইংলিসের ব্যাটে সহজ জয়ের দিকেই এগোচ্ছিল অস্ট্রেলিয়া। কিন্তু মাঝের ওভারে স্বাগতিকদের চাপে রেখে পাকিস্তানকে ম্যাচে ফিরিয়ে আনেন হারিস রউফ।

যদিও শেষ পর্যন্ত সফল হয়নি সফরকারীরা। অধিনায়ক প্যাট কামিন্সের দৃঢ়তায় ২ উইকেটের কষ্টার্জিত জয় নিয়ে মাঠ ছাড়ে অস্ট্রেলিয়া।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে প্রথম ওয়ানডেতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে ২০৩ রানেই গুটিয়ে যায় পাকিস্তান। জবাবে সেই রান ৯৯ বল হাতে রেখেই সেই রান তাড়া করে অস্ট্রেলিয়া।
যদিও ওপেনাররা ভালো শুরু এনে দিতে পারেননি। ২৮ রানের ভেতরই সাজঘরে ফেরেন ম্যাথু শর্ট (১) ও জ্যাক ফ্রেজার-ম্যাকগার্ক (১৬)। শুরুর ধাক্কা সামাল দিয়ে তৃতীয় উইকেটে ৮৫ রানের জুটি গড়েন স্মিথ-ইংলিস। তাতে অজিদের জয় সময়ের ব্যাপার বলেই মনে হচ্ছিল। তবে ৪৬ বলে ৬ চারে ৪৪ রান করা স্মিথকে ফিরিয়ে সেই জুটি ভাঙেন রউফ।
ফিফটির দেখা পাননি ইংলিসও। শাহিন আফ্রিদির শিকার হয়ে ৪২ বলে ৪ চার ও ৩ ছক্কায় ৪৯ রানে থামেন তিনি। ২১তম ওভারে এসে পরপর দুই বলে মার্নাস লাবুশেন (১৬) ও গ্লেন ম্যাক্সওয়েলকে (০) তুলে নেন রউফ। হাসি ফোটান পাকিস্তান শিবিরে, অন্যদিকে চাপে পড়ে অজিরা।
যদিও সেই চাপ নতুন কিছু নয় কামিন্সের জন্য। একপ্রান্ত আগলে রেখে ঠিকই দলকে নিয়ে যান জয়ের বন্দরে। শেষ পর্যন্ত ৩১ বলে ৪ চারে ৩২ রানে অপরাজিত থাকেন তিনি। পাকিস্তানের হয়ে ৬৭ রানে তিনটি উইকেট নেন রউফ। এছাড়া শাহিন দুটি, হাসনাইন ও নাসিম শাহর শিকার একটি করে উইকেট।
আগামী শুক্রবার অ্যাডিলেইডে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights