কলাপাড়ায় কৃষি জমি চাষাবাদ করার দাবিতে মানববন্ধন
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
পটুয়াখালীর কলাপাড়ায় পায়রা বন্দরে অধিগ্রহকৃত অব্যবহৃত কৃষি জমি ইজারা না দিয়ে স্ব-স্ব মালিকদের চাষাবাদ করার সুযোগ প্রদানের দাবিতে মানববন্ধন করেছে স্থানীয় বাসিন্দারা। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার লালুয়া ইউনিয়নের বানাতী বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে পায়রা বন্দরে অধিগ্রহকৃত ক্ষতিগ্রস্থ পরিবারের নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন।
এ সময় বক্তব্য রাখেন লালুয়া ইউনিয়নের চেয়ারম্যান শওকত হোসেন তপন বিশ্বাস, কৃষক জসিম উদ্দিন মৃধা, মজিবর প্যাদা, সজল বিশ্বা, ইব্রাহিম সাউগার প্রমুখ।
বক্তারা বলেন, পায়রা বন্দরের জমি অধিগ্রহণ হলেও জমির মূল্য এখনও ক্ষতিগ্রস্ত অনেক মালিকরা বুঝে পায়নি। অধিগ্রহণকৃত এসব জমির ফসলের উপর নির্ভর করে কৃষকদের সংসারের ব্যয় নির্বাহ। ইতিমধ্যে অব্যবহৃত এসব কৃষিজমি ক্ষতিগ্রস্ত ভূমির মালিকদের কাছে ইজারা না দিয়ে বাহিরের লোকজনের কাছে ইজারা দেয়ার পায়তারা চালাচ্ছে বন্দর কর্তৃপক্ষ। ফলে কৃষকদের দাবি যাদের কাছ থেকে জমি অধিগ্রহণ করেছে বন্দর কর্তৃপক্ষ তাদের কাছেই এ জমি চাষাবাদ করার সুযোগ দেয়া হোক। নতুবা তারা কঠোর কর্মসূচি দেবেন বলে জানান।
