পীরগঞ্জে নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক, রংপুর
মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর ও আগ্নেয়াঅস্ত্র দিয়ে হামলার ঘটনায় দায়েরকৃত মামলার আসামি নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নেতা গাজীউর রহমান কম্পনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার ভোররাতে পীরগঞ্জ উপজেলার ড. ওয়াজেদ মিয়া টেক্সটাইল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে। এ সময় ওই ছাত্রলীগ নেতা ছয়তলা ভবন থেকে পালাতে গিয়ে মাটিতে পড়ে আহত হয়।
জানা গেছে, গত ৪ আগস্ট বিকেলে মানিকগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে দলটির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ দেশের সার্বিক পরিস্থিতি নিয়ে এবং বৈষম্যবিরোধী ছাত্রআন্দোলনরত ছাত্র-ছাত্রীদেরকে সহযোগিতার লক্ষ্যে আলোচনা চলছিল। ওই সময় সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপনের নির্দেশে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের লোকজন বিএনপির অফিসে দেশীয় অস্ত্র, শস্ত্র নিয়ে হামলা করে ভাঙচুর এবং ফাঁকা ফায়ার করে। এ ঘটনায় গত ২৫ সেপ্টেম্বর মানিকগঞ্জের এ্যাডভোকেট মো: মুরাদ হোসেন বাদী হয়ে সাবেক মন্ত্রী জাহিদ মালেক স্বপনকে
প্রধান আসামি করে ৯১ জনকে এজাহারনামীয় এবং ১০০/১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মানিকগঞ্জ থানায় মামলা করেন। ওই মামলার ১৮ নং আসামি গাজিউর রহমান কম্পন। তিনি মানিকগঞ্জ নিষিদ্ধ সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক যুগ্ম সম্পাদক ও মানিকগঞ্জ পৌর ছাত্রলীগের আহবায়ক এবং মানিকগঞ্জ সদর উপজেলার উত্তর সেওত গ্রামের রতন মিয়ার ছেলে। ওই ছাত্রলীগ নেতা বেশকিছু দিন ধরে পীরগঞ্জের ড. ওয়াজেদ মিয়া টেক্সটাইল এন্ড ইঞ্জিনিয়ারিং কলেজের শহীদ আবু সাঈদ হলে আত্মগোপনে ছিলেন। বুধবার ভোররাতে পুলিশ অভিযানে গেলে আসামি কম্পন ৬ তলা ভবন থেকে পালাতে গিয়ে মাটিতে পড়ে গুরুতর আহত হয়। পরে ছাত্র-জনতা তাকে আটক করে পুলিশে সোপর্দ করে।
পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক বলেন, মানিকগঞ্জ জেলা বিএনপির অফিস ভাঙচুর মামলার আসামি কম্পনকে ছাত্র-জনতা ধরে পুলিশের কাছে দিয়েছেন। বেশিক্ষণ ঝুলে থাকায় মাটিতে পড়ে গেলে সে গুরুতর আহত হয়। তাকে চিকিৎসার জন্য রংপুর মেডিকেলে ভর্তি করা হয়েছে।
