শহীদ জিয়ার রাজনীতি উন্নয়নের অগ্রগতির প্রতীক : ডা. জাহিদ
দিনাজপুর প্রতিনিধি
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শিখিয়েছেন, আমরা মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যে ধর্ম পালন করি না কেন ভাই, আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি। শহীদ জিয়ার রাজনীতি উন্নয়নের অগ্রগতির প্রতীক।
শনিবার দুপুরে হাকিমপুর মহিলা কলেজ অডিটোরিয়ামে উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ সহযোগী সংগঠনের কর্মী সম্মেলনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এসব কথা বলেন।
কর্মী সম্মেলনে উপস্থিত দলীয় নেতাকর্মীদের উদ্দেশে অধ্যাপক ডা. জাহিদ বলেন, আপনারাই বিএনপির প্রাণ শক্তি, আপনারাই নেতা তৈরি করবেন। উপর থেকে নেতা কাউকে চেপে দেওয়া হবে না। আমাদের দেশনায়ক তারেক রহমান বলেছেন, আগামীতে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ সৃষ্টি করতে বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করে যাচ্ছে। তাই আগামী দিনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণের সরকার গঠন করে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য নেতাকর্মীসহ সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।
হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি মো. ফেরদৌস রহমানের সভাপতিত্বে কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন রংপুর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল খালেক, সহ-সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. আমিনুল ইসলাম, জেলা বিএনপি সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি, হাকিমপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি প্রভাষক এরফান আলী, সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ম সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, সাংগঠনিক সম্পাদক হযরত আলী সরদার, মোফাজ্জল হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খান, সাধারণ সম্পাদক নাজমুল হকসহ অনেকে।
কর্মী সম্মেলনে হাকিমপুর উপজেলা, পৌর ও ইউনিয়ন বিএনপিসহ যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল, মহিলা দলসহ সকল সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
