নারায়ণগঞ্জে হত্যা মামলায় আইভীর ভগ্নিপতি গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি:
নারায়ণগঞ্জ জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদিরকে (৬৫) গ্রেফতার করেছে পুলিশ। যিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর ভগ্নিপতি এবং একই সাথে তিনি জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ছিলেন।

রবিবার (১০ নভেম্বর) সকালে শহরের পাইকারী ব্যবসা কেন্দ্র নিতাইগঞ্জের নিজ ব্যবসা প্রতিষ্ঠান থেকে আব্দুল কাদিরকে গ্রেফতার করা হয়। একই সাথে এদিন দুপুরে আদালতে প্রেরণ করা হলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হায়দার আলী তাকের কারাগারে প্রেরণের নির্দেশ দেন। আগামী ২৭ নভেম্বর মামলার পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক (ওসি) মো. কাইয়ূম খান বলেন, বদিউজ্জামান নিহতের ঘটনায় তার স্ত্রী আদুরী খাতুন বাদি হয়ে গত ২০ সেপ্টেম্বর সদর মডেল থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, সাবেক সংসদ সদস্য শামীম ওসমানসহ ৩৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত পরিচয় আরও অনেকের বিরুদ্ধে হত্যা মামলাটি দায়ের করেন।
তিনি আরও বলেন, এই মামলার সন্দেহভাজন আসামী হিসেবে নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও জেলা যুবলীগের সভাপতি আব্দুল কাদিরকে গ্রেফতার দেখানো হয়েছে। সেই সাথে আদালত তাকে কারাগারে প্রেরণের নির্দেশ দিয়েছেন।

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম বলেন, আবদুল কাদিরকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত বদিউজ্জামান হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে। তাকে এ মামলার সন্দেহভাজন আসামি গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights