জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

জয়পুরহাট প্রতিনিধি

জয়পুরহাটে ট্রাকের ধাক্কায় আনছার আলী (৪৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

মঙ্গলবার (১২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কালাই পৌর শহরের হাজীপাড়া মোড় এলাকার জয়পুরহাট-বগুড়া মহাসড়কে এ দুঘর্টনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে।

নিহত আনছার আলী উপজেলার আহম্মেদাবাদ ইউনিয়নের বোড়াই গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে। তিনি কালাই পৌর শহরে এনজিওপাড়া মহল্লায় নিজ বাড়ীতে বসবাস করেন।
নিহতের ছোট ভাই আশরাফ আলী জানান, বিকেলে তার বড় ভাই আনছার আলী মোটরসাইকেল নিয়ে মাছ কেনার জন্য জয়পুরহাট বৌ বাজারে যায়। সন্ধ্যার পর সেখান থেকে কালাইয়ে আসার পথে পৌর শহরের হাজীপাড়া মোড় এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি ট্রাক এসে তার মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তিনি মোটরসাইকেল থেকে ছিটকে সড়কের ওপর পড়ে গেলে ওই ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে চলে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হোসেন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ট্রাক নিয়ে চালক পালিয়ে গেছে। পরিবারের লোকজন আসলে লাশ হস্তান্তর করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights