কুষ্টিয়ায় ভাইস চেয়ারম্যানকে আটক করে পুলিশে দিল ছাত্র-জনতা
কুষ্টিয়া প্রতিনিধি
কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল হোসেনকে (২৮) আটক করে পুলিশে দিয়েছে ছাত্র-জনতা।
মঙ্গলবার বিকাল চারটার দিকে কুষ্টিয়া শহরের মজমপুর গেট থেকে তাকে ছাত্র-জনতা আটক করে। রাসেল হোসেন উপজেলার শিলাইদহ ইউনিয়নের জাহেদপুর গ্রামের মতিনের ছেলে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। গত ৫ আগস্টের পর থেকে তিনি পলাতক ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বিকালে মোটরসাইকেলযোগে রাসেলসহ দু’জন শহরের মজমপুর গেট এলাকা দিয়ে যাওয়ার সময় ছাত্র-জনতা তাকে চিনে ফেলে। এ সসেয় মোটরসাইকেল থামিয়ে রাসেলকে মারধর করে ছাত্র-জনতা। পরে মডেল থানা পুলিশের হাতে তাকে তুলে দেওয়া হয়।
সূত্র জানিয়েছে, কুষ্টিয়া-৪ (কুমারখালী-খোকসা) আসনের সাবেক সদস্য সদস্য ও যুবলীগের প্রেসিডিয়াম সদস্য সেলিম আলতাফ জর্জের আর্শীবাদপুষ্ট ছিলেন রাসেল। সেলিম আলতাফ সংসদ সদস্য থাকাকালীন সময়ে টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক ব্যবসা, অবৈধ বালু উত্তোলনসহ নানা অভিযোগ ছিল রাসেলের বিরুদ্ধে। চলতি বছর উপজেলা পরিষদ নির্বাচনে কেন্দ্র দখল করে ভোট ডাকাতির মাধ্যমে তিনি ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন বলে অভিযোগ রয়েছে।
কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান বলেন, গত ১৯ সেপ্টেম্বর মডেল থানায় দায়ের হওয়া একটি নাশকতা মামলার আসামি ছিলেন রাসেল। তাকে নজরদারিতে রেখেছিল পুলিশ। বিকালে লোকেশন জানতে পেরে পুলিশ তাকে মজমপুর গেট থেকে আটক করে। এ সময় উত্তেজিত জনতা দু/একটা কিল ঘুষি মেরে থাকতে পারে। তার বিরুদ্ধে কুমারখালী থানায়ও একাধিক মামলা রয়েছে। তাকে বুধবার সকালে আদালতে পাঠানো হবে।
