‘ডেমোক্র্যাট’ তুলসীকে গোয়েন্দা প্রধান বানালেন ট্রাম্প!

অনলাইন ডেস্ক

মার্কিন কংগ্রেসের সাবেক ডেমোক্র্যাট সদস্য তুলসী গ্যাবার্ডকে দেশের গোয়েন্দা বিভাগের নতুন প্রধান (ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স) নিয়োগ করলেন নব নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তুলসী নাম দেখে অনেকে তাকে ‘ভারতীয় বংশোদ্ভূত’ ভেবে ভুল করেন। কিন্তু তার সঙ্গে ভারতের কোনও সম্পর্ক নেই। ২০২২ সালে প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে ‘বর্ণবিদ্বেষী’ কার্যকলাপের অভিযোগ তুলে ডেমোক্র্যাটিক পার্টি ছেড়েছিলেন। তার আগে ২০২০ সালে বাইডেনের সঙ্গে আমেরিকার প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে শামিল হয়েছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ডেমোক্র্যাটিক পার্টির অন্দরে প্রতিযোগিতায় পিছিয়ে পড়েছিলেন তুলসী।

গত অগস্টে ফ্লোরিডায় ট্রাম্পের প্রাসাদে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রচার সংক্রান্ত বিষয় নিয়ে একটি বৈঠক হয়েছিল। সেখানে হাজির ছিলেন তুলসী। তার পরে জল্পনা তৈরি হয়েছিল প্রেসিডেন্ট ভোটে ‘রানিং মেট’ হিসাবে তাকে বেছে নিতে পারেন ট্রাম্প। কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। তবে গোয়েন্দা কর্মকর্তার মতো গুরুত্বপূর্ণ পদে তুলসীকে মনোনীত করলেন তিনি। বুধবার ফ্লোরিডা প্রদেশ থেকে নির্বাচিত কংগ্রেস সদস্য ম্যাট গিৎজকে অ্যাটর্নি জেনারেল পদেও মনোনীত করেছেন ট্রাম্প।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights