সাড়ে ১৫ বছর ধরে ক্ষমতায় থেকে বিচারের নামে প্রহসন চালিয়েছে
-মাওলানা আবদুল হালিম
মোঃ ইসমাইল হোসেন, দিনাজপুর প্রতিনিধি ॥ বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আবদুল হালিম বলেছেন, “যারা গত তিনটি জাতীয় নির্বাচনে জনগণকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে, জনগণ তাদেরও আগামী তিনটি নির্বাচনে ভোট দিতে দেবে না।” তিনি বলেন, “কর্তৃত্ববাদী দল সাড়ে ১৫ বছর ধরে ক্ষমতায় থেকে জামায়াতের শীর্ষ ১১ জন নেতাকে মিথ্যা মামলায় ফাঁসিতে ঝুলিয়ে এবং কারাগারে বন্দি রেখে বিচারের নামে প্রহসন চালিয়েছে। তবে জামায়াতে ইসলামী প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাসী নয়। আমরা বৈষম্যমুক্ত এবং সমতাভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার জন্য কাজ করে যাচ্ছি। যেকোনো অন্যায় ও ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই।”
মাওলানা আবদুল হালিম বলেন, “জামায়াতে ইসলামীর দায়িত্ব পাওয়ার অর্থ আনন্দ নয়, বরং এটি মহান দায়িত্ব এবং জবাবদিহিতার প্রতীক। এই দায়িত্ব পালনের চাপে চোখে পানি এসে যায়। সকলকে আন্তরিকতা, মধুর সম্পর্ক, ও সহযোগিতামূলক মনোভাব নিয়ে দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “নির্বাচনী কাজ ও সাংগঠনিক কার্যক্রমে সমন্বয় সাধন করে একযোগে কাজ করতে হবে। আল্লাহর সন্তুষ্টির জন্য একে অপরের প্রতি সহযোগিতার হাত বাড়াতে হবে।” মাওলানা আবদুল হালিম বলেন, “জামায়াতে ইসলামী বিভাজনমুক্ত, বৈষম্যমুক্ত এবং সমতাভিত্তিক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে। জনগণের শক্তি ও সংহতির মাধ্যমে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে।” তিনি নবগঠিত কমিটির সদস্যদের দায়িত্ব পালনের জন্য আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানান।
১৫ নভেম্বর, শুক্রবার, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শহীদ আসাদুল হক বাবুর পরিবারের সঙ্গে সাক্ষাৎ করেন মাওলানা আবদুল হালিম। তিনি শহীদ পরিবারের প্রতি জামায়াতের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও সহমর্মিতা প্রকাশ করেন। দিনাজপুর জেলা জামায়াত কার্যালয়ে জেলা মজলিসে শূরা ও দায়িত্বশীলদের পৃথক দুটি সমাবেশে বক্তব্য রাখেন মাওলানা আবদুল হালিম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুর জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর প্রিন্সিপাল আনিসুর রহমান। উপস্থিত ছিলেন: সাবেক জেলা আমীর ও চিরিরবন্দর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আফতাব উদ্দীন মোল্লা, সাবেক জেলা আমীর আনোয়ারুল ইসলাম, নবনির্বাচিত জেলা সেক্রেটারি মুহাদ্দিস ডক্টর এনামুল হক, সহকারী সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ, সহকারী সেক্রেটারি সাইদুল ইসলাম সৈকত, অনুষ্ঠানে ২০২৫-২০২৬ কার্যকালের জন্য ১৫ সদস্যের নতুন জেলা কর্মপরিষদ গঠন করা হয়।
