ক্ষুদ্র চা কারখানার অনুমোদন দেয়ার কথা ভাবছে বোর্ড: চেয়ারম্যান

পঞ্চগড় প্রতিনিধি
বাংলাদেশ চা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন বলেছেন, উত্তরাঞ্চলের ক্ষুদ্র চা চাষিরা ক্ষুদ্র চা কারখানা গড়ে তোলার আবেদন জানিয়েছে। এরই প্রেক্ষিতে আমরা ক্ষুদ্র চা কারখানা অনুমোদন দেয়ার কথা ভাবছি।

রবিবার দুপুরে উত্তরাঞ্চলের চা বাগান এবং ক্ষুদ্র চা চাষিদের চা আবাদ সম্প্রসারণ এবং চায়ের গুণগত মান উন্নয়ন শীর্ষক প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, চা শিল্পের সমস্যা একেকটা যায়গায় একেক রকম। উত্তরাঞ্চলের চা শিল্পের প্রধান সংকট হচ্ছে কোয়ালিটি। পঞ্চগড়ের চা একটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে মার্কেটিংএর ব্যাপারে। এখানে চাষিদের উন্নতি করতে হলে কাঁচা চা পাতার কোয়ালিটি বাড়াতে হবে। ফ্যাক্টরিদের কিছু সিন্ডিকেটের ব্যাপারও আছে। যদি চাষিরা কোয়ালিটিফুল চা পাতা দেয় তাহলে অবশ্যই তাকে নায্য মূল্য দিতে হবে। আন্ডারগ্রাউন্ডে চা বিক্রির একটা বদনাম আছে। আমি অস্বীকার করবো না। এ এলাকার ফ্যাক্টরির যারা আছে তাদের এ বদনাম আছে। এ জন্য আমরা মনিটরিং বাড়াবো। আমরা মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদেরকে প্রতিহত করার চেষ্টা করবো।
বাংলাদেশ চা গবেষণা ইনস্টিটিউট আয়োজিত এই সভা পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ড মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় ক্ষুদ্র চা চাষি, বাগান মালিক, কারখানা কর্তৃপক্ষ, বায়ার, বিটারসহ সংশ্লিষ্ট অনেকেই তাদের সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরেন। এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) সোহেল সুলতান জুলকার নাইন কবির, পঞ্চগড় আঞ্চলিক চা বোর্ডের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা আমির হোসেনসহ চা বোর্ডের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারিরা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights