চট্টগ্রামে আগুনে পুুড়ল ৩৭ দোকান ও ঘর
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম নগরীর ইপিজেড থানার আকমল আলী ঘাট এলাকায় আগুনে ৩৭টি দোকান ও ঘর পুড়ে ছাই হয়ে গেছে।
শনিবার দিবাগত রাত ১২টার দিকে আউটার রিং রোড সংলগ্ন আকমল আলী ঘাট এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হননি।
ফায়ার সার্ভিস চট্টগ্রাম বিভাগীয় নিয়ন্ত্রণ কক্ষের অপারেটর নজরুল ইসলাম জানিয়েছেন, শনিবার দিবাগত রাত ১২টা ১০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে সিইপিজেড এবং কেইপিজেড ফায়ার স্টেশনের দুটি ইউনিট গিয়ে ২ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
এতে কয়েকটি বসতঘর, খাবার হোটেল, মুদি দোকান, ভাঙারি দোকান, জেলেদের জাল রাখার ঘরসহ ৩৭টি দোকান ও ঘর পুড়ে গেছে। মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয় বলে প্রাথমিকভাবে জানা গেছে।
