ফুলপুরে ভাইটকান্দি বাজারে অভিযান, ২৫ হাজার টাকা জরিমানা

ফুলপুর (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ফুলপুর উপজেলার ভাইটকান্দি বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। সোমবার (১৮ নভেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা এবং সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুকের নেতৃত্বে এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জানা যায়, ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পণ্য বিক্রয় করা, মূল্য তালিকা প্রদর্শন না করা, মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন ও পণ্যে পাটজাত মোড়কের বাধ্যতামূলক ব্যবহার নিশ্চিতকরণ বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। মোট ৭টি মামলায় ২৫ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়। এসময় সবাইকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণের জন্য আহ্বান জানানো হয় এবং ধার্য মূল্যের অধিক মূল্য না নেওয়ার জন্য সতর্ক করা হয়।

অভিযান চলাকালীন ফুলপুর থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিল। এ বিষয়ে ফুলপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাদিয়া ইসলাম সীমা বলেন, উপজেলা প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights