ঝুঁকিপূর্ণ রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে শিক্ষার্থী-শিক্ষকদের মানববন্ধন
গাজীপুর প্রতিনিধি
গাজীপুর শহরের জয়দেবপুর রেলক্রসিংয়ে ফুটওভার ব্রিজসহ শহরের রাস্তা মেরামতের দাবিতে মানববন্ধন করেছে শিক্ষার্থী, শিক্ষকসহ স্থানীয় জনতা।
বৃহস্পতিবার দুপুরে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি রোডে রাণী বিলাসমণি সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আক্তার হোসেন মিয়ার সভাপতিত্বে, স্কুলের শিক্ষক জসীম উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন স্কুলের শিক্ষক আবু জাফর মুহাম্মদ সালেহ, মোখলেছুর চৌধুরী, নাসরিন আঞ্জুমান রুনী, সম্প্রতি দুর্ঘটনায় নিহত ছাত্রের নানা পিটিআই সহকারী সুপার সুলতান উদ্দিন মুকামি, শিক্ষার্থী শেখ আবু রায়হান, আব্দুল্লাহ, আদিব মাহমুদ প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, শহরের শিক্ষার্থী ও জনগণ যেন নিরাপদে রাস্তায় চলাচল করতে পারে তার জন্য রেলক্রসিংয়ে ফুটওভারব্রিজ, স্কুলের সামনে সিএনজি, অটোরিকশার যানজট নিরসন, দ্রুত রাস্তা মেরামত করতে হবে। পরে বিদ্যালয়ের পক্ষ থেকে জেলা প্রশাসকের কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়।
উল্লেখ্য, বিদ্যালয়ের ৮ম শ্রেণীর শিক্ষার্থী ইয়াসিন আদনান গত ১৯ নভেম্বর শহরের শিববাড়ি মোড় থেকে প্রাইভেট পড়ে স্কুলে যাওয়া সময় রেলক্রসিং পারাপারের সময় ট্রেনের ধাক্কায় গুরুতর জখম হয়। পরে তাকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা নিউরো সায়েন্স হসপিটালে পাঠালে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই তার মৃত্যু হয়।
