বগুড়ায় মেহেদী খুনের ঘটনায় ৯ জনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক, বগুড়া
বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট দেখতে গিয়ে মেহেদী হাসান হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। রবিবার সন্ধ্যায় নিহতের মা মোছা. সুকী বেগম শ্যামলা বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেন।
মামলায় ৯ জনকে আসামি করা হয়েছে। এদের মধ্যে তিনজনের নাম উল্লেখ থাকলেও বাকি সবাই অজ্ঞাতনামা।
হত্যাকাণ্ডে অভিযুক্তরা হলেন-বগুড়া শহরের জহুরুল নগর এলাকার মো. রকি (২১), মো. মতি (২০) ও মো. শাকিল (২১)।
এর আগে, গত শনিবার রাত ৯টার দিকে বগুড়া সরকারি আজিজুল হক কলেজে কনসার্ট দেখতে গিয়ে ছুরিকাঘাতের শিকার হন মেহেদী। পরে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মেহেদী বগুড়ার সারিয়াকান্দি উপজেলার বাঁশহাটা (উত্তরপাড়া) গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তারা বগুড়া শহরের মালগ্রাম এলাকায় বসবাস করতেন।
জানা যায়, মেহেদী হাসান একজন ইলেকট্রিক মিস্ত্রী। তার সাথে আসামিদের বিভিন্ন বিষয় নিয়ে দীর্ঘদিন ধরে শত্রুতা চলে আসছিল। এরই জেরে তাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়।
বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মঈনুদ্দীন জানান, নিহতের মা সদর থানায় ৯ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশ মাঠে রয়েছে।
