বরিশালের আইএইচটি অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

অনিবার্য কারণ দেখিয়ে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে বরিশালের ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজি (আইএইচটি)।

মঙ্গলবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে বন্ধ ঘোষণা করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুন্ডু।

বিজ্ঞপ্তিতে, আগামীকাল বুধবার (২৭ নভেম্বর) থেকে ছাত্রাবাস ও ছাত্রী নিবাস বন্ধ ঘোষণা করা হয়েছে। তাই ২৭ নভেম্বর বেলা ১২টার মধ্যে আবাসিক সকল শিক্ষার্থীদের হল ত্যাগ করার নির্দেশ দেয়া হয়েছে। পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এই আদেশ কার্যকর থাকবে।

এদিকে, প্রতিষ্ঠানের শিক্ষা কার্যক্রম বন্ধ থাকলেও প্রতিষ্ঠানের দাপ্তরিক সকল ধরনের কাজ চলবে বলে জানিয়েছেন অধ্যক্ষ ডা. মানষ কৃষ্ণ কুন্ডু।

তিনি বলেন, শিক্ষার্থীদের ৬ দফা দাবিতে আইএইচটির পরীক্ষা সহ একাডেমিক কার্যক্রম কিছুদিন আগ থেকেই বন্ধ রয়েছে। এর মধ্যে ৩য় ও ২য় বর্ষের শিক্ষার্থীদের মধ্যকার দ্বন্দ্বে প্রতিষ্ঠানে থমথমে পরিবেশ বিরাজ করছে।

গতকাল সোমবার এক আদেশে জুনিয়র শিক্ষার্থীদের দুই দফায় মারধরের ঘটনায় এক শিক্ষার্থীর ছাত্রত্ব স্থগিত করা হয়েছে। এছাড়াও ছাত্রাবাস থেকে আট শিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। সতর্ক করা হয়েছে আরও এক শিক্ষার্থীকে।

এ বিষয়ে ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির (আইএইচটি) রেডিওলজি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র মো. সোহেল জানায়, নগরীর সহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসা ৬০০ থেকে ৭০০ শিক্ষার্থী রয়েছে। এদের মধ্যে অর্ধেকের বেশিই ছাত্রাবাসে থেকে পড়াশোনা করে। এমনিতেই আন্দোলনে পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম বন্ধ থাকায় ক্ষতিগ্রস্ত তারা। এর মধ্যে হঠাৎ এমন সিদ্ধান্তে বেশ বিপাকে পড়েছেন আবাসিক শিক্ষার্থীরা। কর্তৃপক্ষ যদি হল বন্ধ করে দেয় তাহলে বাড়ি চলে যাওয়া ছাড়া কোনো উপায় থাকবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights