বরিশালে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, বরিশাল

গত ২৪ ঘণ্টায় নতুন করে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দুইজনের মৃত্যু হয়েছে। এছাড়াও নতুন করে আক্রান্ত হয়ে ৫০ জন বরিশাল বিভাগের বিভিন্ন সরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মন্ডল এ তথ্য জানান।

মারা যাওয়া রোগীরা হলেন-বরগুনার পাথরঘাটা উপজেলার মানিকখালী এলাকার লিলি বেগম (৫০) ও বরিশাল সদর উপজেলার মগড়পাড়া এলাকার বাসিন্দা মো. সজিব (৩০)। দুইজনই বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। এনিয়ে বরিশাল বিভাগে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ বছর ৫৩ জনের মৃত্যু হয়েছে।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য দফতরের দেয়া তথ্য অনুযায়ী, বরিশাল বিভাগের দুইটি মেডিকেল কলেজ এবং জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১ জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয় সাত হাজার ৭২৭ জন রোগী। এর মধ্যে সুস্থ হয়েছেন সাত হাজার ৩৭৯ জন রোগী। বুধবার পর্যন্ত চিকিৎসাধীন রয়েছেন ২৯৪ জন রোগী।

এর মধ্যে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৪৩ জন রোগী। এছাড়া বরগুনা, ভোলা ও পিরোজপুরের বিভিন্ন হাসপাতালে মারা গেছেন তিন জন করে। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে একজন ও স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় আরো একজনের মৃত্যু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights