ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় পথচারী নিহত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
ভাঙ্গায় রাস্তা পারাপারের সময় পিকআপের ধাক্কায় ফখরউদ্দিন শেখ (৫৫) নামে এক পথচারী নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাত ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ বাজার বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে
নিহত ফখরউদ্দিন শেখ ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মুনসুরাবাদ গ্রামের মৃত মানিক শেখের ছেলে।
মনসুরাবাদ এলাকার বাসিন্দা ফারুক হোসেন জানান, গতকাল রাত ১১টার দিকে মনসুরাবাদ বাজার স্ট্যান্ডের নৈশ প্রহরী ফখরুদ্দিন শেখ রাস্তা পারাপারের সময় দ্রুতগামী একটি পিকআপ তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় আশপাশের লোকজন তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
হামিরদী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য এবং মুনসুরাবাদ গ্রামের বাসিন্দা আলমগীর মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতে মনসুরাবাদ বাজার স্ট্যান্ডের নৈশ প্রহরী ফখরুদ্দিন শেখ ওরফে ফকো শেখ গাড়ি চাপায় মারা গেছেন। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে।
