বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে ভোটগ্রহণ
অনলাইন ডেস্ক
উৎসবমুখর পরিবেশে বগুড়া জেলা অ্যাডভোকেটস বার সমিতির নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে।
শুক্রবার সকাল ৭টা থেকে গওহর আলী ভবনে এই ভোটগ্রহণ শুরু হয়। চলে দুপুর ১টা পর্যন্ত।
নির্বাচনে তিনটি প্যানেল বিভিন্ন পদে মোট ৩২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মনোনীত মুক্তা-রফিক পরিষদে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই প্যানেলে সভাপতি প্রার্থী হলেন-অ্যাডভোকেট মো. আতাউর রহমান খান মুক্তা ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট মোঃ রফিকুল ইসলাম।
বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল মনোনীন রিয়াজ-মল্লিক পরিষদে ১৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সভাপতি প্রার্থী হলেন-মো. রিয়াজ উদ্দিন ও সাধারণ সম্পাদক প্রার্থী মো. সাখাওয়াত হোসেন মল্লিক। এছাড়া গণতান্ত্রিক আইনজীবী সমিতি মনোনীত পরিষদে ৫জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পরিষদে সভাপতি প্রার্থী হলেন-অ্যাডভোকেট এ এফ এম সাইফুল ইসলাম পল্টু ও সাধারণ সম্পাদক প্রার্থী অ্যাডভোকেট আব্দুল লতিফ পশারী ববি।
এদিন সকাল থেকে নির্বাচনী ক্যাম্পে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা প্রবীণ আইনজীবী অ্যাডভোকেট মাহবুবর রহমান, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ভিপি সাইফুল ইসলাম, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সহিদ উন-নবী সালাম। এছাড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ আবিদুর রহমান সোহেল উপস্থিত ছিলেন।
এদিকে এই নির্বাচনে বিএনপি-জামায়াতের আইনজীবীরা অংশ নিলেও আওয়ামী লীগের কেউ অংশগ্রহণ করেননি।
