পঞ্চগড়ে পরিবহন চালকদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা
পঞ্চগড় প্রতিনিধি
পঞ্চগড়ে পরিবহন শ্রমিক ও চালকদের নিয়ে শব্দ সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের আয়োজনে ও শব্দদূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও অংশীদারিত্বমূলক প্রকল্পের আওতায় শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজি টুলুর সভাপতিত্বে কর্মশালার মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক ইউসুফ আলী।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) এসএম শফিকুল ইসলাম, পঞ্চগড় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. নিশাত আনজুম মারফি, পঞ্চগড় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবদুল হালিম, পঞ্চগড় প্রেস ক্লাবের আহ্বায়ক ও বাংলাদেশ প্রতিদিন, নিউজ ২৪ টেলিভিশনের সাংবাদিক সরকার হায়দার, বাস পরিবহন নেতা খায়রুল ইসলাম, ট্রাক পরিবহন নেতা আব্বাস আলী প্রমুখ বক্তব্য রাখেন।
কর্মশালায় জেলার পরিবহন শ্রমিক ও চালকদের বিভিন্ন সংগঠনের নেতা ও সদস্য, পঞ্চগড় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের ড্রাইভিং প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।
কর্মশালায় বক্তারা বলেন, অনেক বাস চালক যাত্রীর দৃষ্টি আকর্ষণে হর্ন বাজান। কিন্তু অযথা হর্ন বাজানোর কারণে মানুষের শ্রবণ শক্তি হ্রাস পায়। বিদ্যালয় ও হাসপাতালের মতো গুরুত্বপূর্ণ স্থানে অকারণে হর্ন বাজানো হয়। প্রয়োজন ছাড়া হর্ন বাজানো যাবে না। সতর্কতার সাথে মহাসড়কে চলাচল করতে হবে।
