হেঁটে মসজিদে যাওয়ার ফজিলত

মাইমুনা আক্তার

মসজিদ মহান আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় স্থান। মসজিদের সঙ্গে ভালোবাসা স্থাপন ঈমানের সৌন্দর্য। বিভিন্ন হাদিসে মসজিদে যাতায়াতের বিশেষ ফজিলতের কথা বর্ণনা আছে, বিশেষ করে হেঁটে মসজিদে যাওয়ার ব্যাপারে।

ইয়াজিদ ইবনে আবু মারইয়াম (রহ.) থেকে বর্ণিত, আবায়া ইবনে রাফি (রহ.) আমার সঙ্গে সাক্ষাৎ করলেন, তখন আমি জুমার নামাজ আদায়ের জন্য যাচ্ছিলাম।

তিনি বলেন, সুসংবাদ গ্রহণ করুন। আপনার এই পদক্ষেপ হচ্ছে আল্লাহর পথে। আমি আবু আবস (রা.)-কে বলতে শুনেছি যে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘যে ব্যক্তির দুই পা আল্লাহর পথে ধূলি-ধূসরিত হয়, সে জাহান্নামের জন্য হারাম হয়ে যায়।’
(নাসায়ি, হাদিস : ৩১১৬)

সুবহানাল্লাহ, শুধু জুমার দিনই নয়, অন্য দিনও হেঁটে মসজিদে যাওয়ার বিশেষ ফজিলত রয়েছে।

তাই কোনো কোনো সাহাবির ইচ্ছাকৃত মসজিদ থেকে দূরে বসবাস করে হেঁটে মসজিদে আসার নজির পাওয়া যায়। হাদিস শরিফে ইরশাদ হয়েছে, উবাই ইবনে কাআব (রা.) বলেন, আমি জনৈক লোক সম্পর্কে জানি, যার বাড়ি অপেক্ষা কারো বাড়ি মসজিদ থেকে অধিক দূরে ছিল বলে আমার জানা নেই। তিনি প্রতি ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে পড়তেন (কখনো জামাত তরক করতেন না)। উবাই ইবনে কাআব বলেন, তাকে বলা হলো অথবা (বর্ণনাকারী আবু উসমান নাহদির সন্দেহ) আমি বললাম, যদি তুমি একটি গাধা কিনে নাও এবং তার পিঠে আরোহণ করে রাতের অন্ধকারে ও রোদের মধ্যে নামাজ আদায় করতে আসো, তাহলে তো বেশ ভালোই হয়।

এ কথা শুনে সে বলল, আমার বাড়ি মসজিদের পাশে হোক তা আমি পছন্দ করি না। আমি চাই, মসজিদে হেঁটে আসা এবং মসজিদ থেকে ঘরে আমার পরিবার-পরিজনের কাছে যাওয়ার প্রতিটি পদক্ষেপ আমার জন্য (আমলনামায়) লিপিবদ্ধ হোক। তার এ কথা শুনে রাসুলুল্লাহ (সা.) বলেছেন, মহান আল্লাহ তাআলা তোমার জন্য অনুরূপ সওয়াবই একত্র করে রেখেছেন। (মুসলিম, হাদিস : ১৪০০)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights