খাগড়াছড়িতে অবসরপ্রাপ্ত ইমামকে রাজকীয় বিদায়

খাগড়াছড়ি প্রতিনিধি

খাগড়াছড়ির পানছড়ির মোল্লাপাড়া এলাকায় অবসরে যাওয়া এক ইমামকে ব্যতিক্রমধর্মী বিদায় দিয়েছেন এলাকাবাসী ও যুবসমাজ। শনিবার সকালে মসজিদ প্রাঙ্গণে এই ইমামের জন্য রাজকীয় এক বিদায় সংবর্ধনা আয়োজন করা হয়। অবসরে যাওয়া মাওলানা তাওহিদুল ইসলামকে ফুলের মালা পরানোর পাশাপাশি সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

পরে মোটরসাইকেল শোভাযাত্রার মাধ্যমে আলুটিলা পর্যটন কেন্দ্র ঘুরিয়ে, ফুলেল সজ্জিত গাড়িতে হুজুরকে নিজ বাড়ি চট্টগ্রামে পৌঁছে দেওয়া হয়। তিনি দীর্ঘ ১০ বছরের অধিক সময় শহীদ ইকবাল জামে মসজিদের ইমাম ও খতিবের দায়িত্ব পালন করেন। পারিবারিক কারণে স্বেচ্ছায় অবসর গ্রহণ করলে এলাকাবাসী ও যুবসমাজ তার জন্য এই ব্যতিক্রমধর্মী বিদায় অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মো. মহিউদ্দিন মহিন বলেন, ইমাম সাহেব শুধু ইমামতি করেননি, জীবনের নানা দিকনির্দেশনা দিয়ে সমাজকে সঠিক পথে পরিচালিত করেছেন। তার দীর্ঘ অবদানের স্বীকৃতিস্বরূপ আমরা এ সম্মাননা প্রদান করেছি।

বিদায়ের মুহূর্তে আবেগমাখা কণ্ঠে ইমাম মাওলানা তাওহিদুল ইসলাম বলেন, জীবনের বড় একটি অংশ এখানে কেটেছে। আপনাদের এ সংবর্ধনা ও সম্মাননায় আমার জীবনে এত আনন্দ আর পাইনি। আমি আপনাদের জন্য দোয়া করি, আপনারা আমার জন্য দোয়া করবেন—আমি যেন সারাজীবন দ্বীনের খেদমতে নিয়োজিত থাকতে পারি। আল্লাহর কাছে অশেষ শুকরিয়া, তিনি আমাকে এ সম্মান দিয়েছেন।

বিদায় সংবর্ধনায় মসজিদ পরিচালনা কমিটির সভাপতি মো. আইয়ুব আলী, সাধারণ সম্পাদক মো. আবছার, অনুষ্ঠান আয়োজক কমিটির সভাপতি মো. মহিউদ্দিন মহিন, সাধারণ সম্পাদক মো. রনি আব্দুল কাদেরসহ বিপুলসংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights