কুমিল্লায় পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

কুমিল্লা প্রতিনিধি

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন।

ঢাকা-কচুয়া সড়কের উপজেলার শায়েস্তানগরের কাছে বাসের চাপায় ট্রাক্টরে থাকা দুই শ্রমিক নিহত হয়েছেন। এছাড়া একই উপজেলার দৌলতপুর এলাকায় বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেয়ার পর আরও দু’জন মারা গেছেন। তাদের মধ্যে একজন শিশু ও দু’জন নারী রয়েছে।

শনিবার বিকেলে এসব তথ্য জানিয়েছেন গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. হেলাল ও ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি দেওয়ান কৌশিক আহমেদ।

জানা গেছে, সকাল ৭টার দিকে শায়েস্তানগরের কাছে একটি ইট বোঝাই ট্রাক্টরকে ঢাকাগামী একটি বাস চাপা দেয়। এতে ট্রাক্টরটি উল্টে ইটভাটা শ্রমিক উপজেলার লক্ষ্মীপুর গ্রামের গিয়াস উদ্দিনের ছেলে বোরহান (২৮) ও জামালপুরের সদর উপজেলার সৈয়দ আলীর ছেলে মোহাম্মদ আলী (৩২) নিহত হন।

গৌরীপুর পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ উপপরিদর্শক মো. হেলাল বলেন, মরদেহ গুলোর সুরতহাল রিপোর্ট তৈরি করে স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। দুর্ঘটনাকবলিত গাড়ি গুলো আটক করেছে পুলিশ।

অপরদিকে, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দৌলতপুর বাস স্ট্যান্ডের কাছে ঢাকাগামী একটি বাসের সঙ্গে সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটানাস্থলে ডলি আক্তার (৩০) নামে এক যাত্রী মারা যান। আহত যাত্রী ও চালককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে দুপুরের দিকে আরও দু’জনের মৃত্যু হয়। তারা হলেন জিয়ানা আক্তার (১১) ও জাহানারা বেগম (৬০)। এই দুর্ঘটনায় নিহতরা সবাই পাশের বাসরা গ্রামের বাসিন্দা।

ইলিয়টগঞ্জ হাইওয়ে পুলিশের ওসি দেওয়ান কৌশিক আহমেদ বলেন, সিএনজিচালিত অটোরিকশাটি আটক করা হয়েছে। নিহত ডলির মরদেহ পুলিশ উদ্ধার করে থানায় এনেছে। কিন্তু বাকি দু’জন মারা গেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights