ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন

মাদারীপুর প্রতিনিধি:

ভোরের আলো তখনও পুরোপুরি ফোটেনি। মাদারীপুরের কালকিনি পৌর এলাকার ভূরঘাটা বাসস্ট্যান্ডের পাশে ব্যথায় কাতরাচ্ছিলেন এক মানসিক ভারসাম্যহীন নারী। পাশে ছিল না কোনো স্বজন, ছিল না পরিচিত কোনো মুখ। ছিল শুধু অসহায়ত্ব আর নিঃসঙ্গতা। সেই নিঃসঙ্গ ভোরেই জন্ম নেয় এক কন্যা শিশু।

দীর্ঘদিন ধরে ওই নারী কালকিনির বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। রাস্তার পাশেই কাটতো তার দিন-রাত। কে তার আপন, কোথায় তার ঘর— সেই উত্তরও জানা নেই কারও।

শুক্রবার ভোরে হঠাৎ প্রসব ব্যথা শুরু হলে স্থানীয় কয়েকজন নারী মানবিকতার হাত বাড়িয়ে দেন। তাদের সহায়তায় ফুটফুটে এক কন্যা সন্তানের জন্ম হয়। পরে খবর পেয়ে এলাকাবাসী এগিয়ে আসে মা ও নবজাতকের পাশে।

তবে শিশুটির বাবার পরিচয় সম্পর্কে কেউ কিছু বলতে পারেননি। এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে পুরো এলাকায়। একজন মানসিক ভারসাম্যহীন নারী কীভাবে মা হলেন? কার লালসার শিকার হলো এই অসহায় জীবন? ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় সৃষ্টি হয়েছে চাঞ্চল্য ও ক্ষোভ। স্থানীয়রা বলছেন, সমাজের সবচেয়ে অসহায় মানুষদের একজন মানসিক ভারসাম্যহীন নারী। তাদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারা আমাদের সামাজিক ব্যর্থতা। পরে স্থানীয়দের সহযোগিতায় মা ও নবজাতককে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সনদ বৈদ্য বলেন, “মানসিক ভারসাম্যহীন ওই নারী ও নবজাতক শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মা কিছুটা অসুস্থ। তার দুই পায়ে সেলুলাইটিস রয়েছে। হাসপাতাল থেকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় মা ও নবজাতকের সার্বক্ষণিক খোঁজখবর রাখা হচ্ছে।”

এদিকে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফ-উল-আরেফীন বলেন, “খবর পাওয়ার পরপরই প্রশাসনের পক্ষ থেকে মা ও নবজাতককে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মা ও শিশুর চিকিৎসাসহ প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা অব্যাহত রয়েছে। আমরা তার কোনো আত্মীয়-স্বজনের খোঁজ করার চেষ্টা করছি। তিনি সুস্থ হলে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।”

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে অসহায় ও মানসিক ভারসাম্যহীন নারীদের নিরাপত্তা নিশ্চিতে প্রশাসন ও সমাজের আরও দায়িত্বশীল ভূমিকার আহ্বান জানিয়েছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights