বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি নেছার-সম্পাদক রিপন
নিজস্ব প্রতিবেদক, বরিশাল
তিন বছরের জন্য বরিশাল সংবাদপত্র হকার্স ইউনিয়নের সভাপতি পদে মো. নেছার জমাদ্দার ও সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান রিপন নির্বাচিত হয়েছেন।
গতকাল শনিবার দুপুর থেকে বিকেল পর্যন্ত ইউনিয়নের কার্যালয়ে অনুষ্ঠিত ভোটে তারা নির্বাচিত হয়েছেন। ভোট শেষে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার ও শ্রমিক কল্যাণ ফেডারেশনের কোতয়ালী থানার সভাপতি মাহমুদুল হাসান কামাল।
নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেন এমএম নিউজ এজেন্সির মালিক মো. মহসিন মিয়া ও এম রহমান নিউজ এজেন্সির ব্যবস্থাপক কৃষ্ণ দাস।
নির্বাচন কমিশনার মো. মহসিন মিয়া জানান, ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক পদে ভোট হয়েছে। অন্যান্য পদের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সভাপতি পদে নেছার জমাদ্দার পান ৪৮ ভোট। প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাজহারুল ইসলাম বাদল পেয়েছেন ৩৩ ভোট। সাধারণ সম্পাদক পদে আসাদুজ্জামান রিপন পেয়েছেন ৬৪ ভোট ও প্রতিদ্বন্দ্বী মোতালেব হাওলাদার পান ১৬ ভোট। ইউনিয়নের ৮৪ জন ভোটার রয়েছেন। এর মধ্যে ৮১ জন ভোটার ভোট দেন।
অন্য পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি পদে আবুল কালাম কালু, সহ-সাধার সম্পাদক মো. শাহিন মোল্লা, সাংগঠনিক সম্পাদক শেখ ফরিদ, কোষাধ্যক্ষ মো. শাহীন হাওলাদার, প্রচার সম্পাদক মো. ইব্রাহীম, দপ্তর সম্পাদক আল-আমিন, ক্রীড়া সম্পাদক সবুর খান ও নির্বাহী সদস্য মো. জসিম।
