সীমান্ত অভিমুখে লংমার্চের ঘোষণা যুবদল-স্বেচ্ছাসেবক দল-ছাত্রদলের

নিজস্ব প্রতিবেদক
ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি পেশের পর ঢাকা থেকে আগরতলা অভিমুখে আগামী বুধবার (১১ ডিসেম্বর) ‘লং মার্চে’র কর্মসূচি ঘোষণা করেছে বিএনপির তিন সহযোগী সংগঠন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। সোমবার সকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিন সংগঠনের পক্ষে জাতীয়তাবাদী যুব দলের সভাপতি এম মোনায়েম মুন্না এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, ভারতীয় আগ্রাসন ও বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা তথ্য সন্ত্রাসের প্রতিবাদে আগামী ১১ ডিসেম্বর বুধবার ঢাকা থেকে আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা লং মার্চের কর্মসূচি ঘোষণা করছি।
১১ ডিসেম্বর সকাল ৮টায় নয়া পল্টনে জমায়েত হয়ে এখান থেকে আমরা আমাদের শান্তিপূর্ণ লং মার্চ ইনশাল্লাহ শুরু করব এবং আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত যাবো।

তিন সংগঠনের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে মুন্না বলেন, আমি বাংলাদেশের সর্বস্তরের ছাত্র-যুবক-স্বেচ্ছাসেবক নেতাকর্মীদের এই লং মার্চে অংশ গ্রহণের আহ্বান জানাচ্ছি। এই কর্মসূচিতে মিডিয়ার সহযোগিতা করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আগামী লং মার্চের কর্মসূচিতে সর্বাত্মক সহযোগিতা চান তিনি।

তিনি বলেন, আমরা তিন সংগঠন গতকাল ভারতীয় হাইকমিশনের অভিমুখে প্রতিবাদী পদযাত্রা করে স্মারক লিপি দিয়েছি। ভারতে বাংলাদেশের দূতাবাসে হামলা, আমাদের জাতীয় পতাকা অবমননা, ভারতের মিডিয়ায় বাংলাদেশের বিরুদ্ধে চলমান তথ্য সন্ত্রাস এবং বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ থেকে বিরত থাকার দাবিতে আমরা ভারতীয় হাইকমিশনে স্মারকলিপি দিয়েছি।

সংবাদ সম্মেলনে স্বেচ্ছাসেবক দলের সভাপতি এসএম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, যুবদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, সিনিয়র সহ-সভাপতি রেজাউল করিম পল, সাংগঠনিক সম্পাদক নাজমুল আহসান, যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাহ হোসেন তারেক, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান জুয়েল, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব প্রমুখ বক্তব্য রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights