রাজধানীতে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের ৩ জন দগ্ধ

ডিএমসি প্রতিনিধি

রাজধানীর ভাটারা নতুন বাজার এলাকায় একটি বাসায় গ্যাস লিকেজ থেকে আগুন লেগে একই পরিবারের শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (২১ জুলাই) ভোরে নতুন বাজার এলাকার একটি ছয়তলা ভবনের নিচতলার ভাড়া বাসায় এ দুর্ঘটনা ঘটে। দগ্ধরা হলেন- কাপড়ের দোকানের কর্মচারী মো. শাহীন (২৪), তার স্ত্রী মোছা. ফাহিমা আক্তার (২১) এবং তাদের ভাগনি হাফছা (৮)।

দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে সকালে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে আসা শাহিনের সহকর্মী মো. জসিম জানান, শাহীন নতুন বাজার এলাকার ওই বাসায় স্ত্রী ও ভাগনিকে নিয়ে থাকতেন। ভোরে তারা ঘুমন্ত অবস্থায় ছিলেন। হঠাৎ বিকট শব্দে বিস্ফোরণ হয়ে ঘরে আগুন ধরে যায়। পরে স্থানীয়দের সহায়তায় তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।

তিনি ধারণা করছেন, গ্যাস লাইন লিকেজ থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান জানান, দগ্ধ শাহিনের শরীরের ৫০ শতাংশ, তার স্ত্রী ফাহিমার ৪৫ শতাংশ এবং শিশু হাফছার ৪০ শতাংশ পুড়ে গেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights