বিএডিসির ক্রয় করা ধানবীজের মূল্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি পেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি
চুয়াডাঙ্গায় বিএডিসির ক্রয়কৃত আউশ ধানবীজের মূল্য বৃদ্ধির দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। সোমবার সকালে চুয়াডাঙ্গা বিএডিসি চত্বরে চুক্তিবদ্ধ চাষী ফোরামের আয়োজনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় চুয়াডাঙ্গা বিএডিসির উপ-পরিচালক মোহাম্মদ রেজাউল করিম ও আবু সাহাদাৎ মোহাম্মদ সোয়েবের মাধ্যমে বিএডিসি চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।

আগামী এক সপ্তাহের মধ্যে আউশ ধানবীজ কেজি প্রতি ৬৫ টাকা হারে মূল্য নির্ধারণ না করলে আন্দোলনকারীরা বীজ সরবরাহ বন্ধের ঘোষণা দেন। একই সাথে ইতিমধ্যে বিএডিসিতে সরবরাহ করা সকল ধানবীজ ফেরত নেয়ার আল্টিমেটাম দেন।
এ সময় চাষীরা বর্তমান বাজারদর ও বীজ প্রক্রিয়াকরণে সমুদয় খরচ বিবেচনা করে মূল্য নির্ধারণের দাবি জানান। চাষীরা বলেন, এক কেজি মানঘোষিত বীজ সরবারহ পর্যন্ত চাষীদের প্রায় ৫২ টাকা খরচ হয়। উক্ত বীজের ২৫ থেকে ৩০ শতাংশ প্রিমিয়াম ধরে মূল্য নির্ধারণ করলে কেজি প্রতি ৬৫ টাকা হারে প্রদান করা দরকার। সেখানে বিএডিসি কর্তৃপক্ষ মানঘোষিত আউশ ধানবীজ মানভেদে কেজি প্রতি ৪৯ ও ৫০ টাকা মূল্য নির্ধারণ করেছে। এতে চুক্তিবদ্ধ চাষীরা ক্ষতিগ্রস্ত হবেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিএডিসি চুক্তিবদ্ধ চাষী ফোরাম কেন্দ্রীয় কমিটির সভাপতি মো. সালাউদ্দিন, সাধারণ সম্পাদক জিল্লুর রশীদ, জেলা কমিটির সভাপতি এনামুল হক লোটাস, চাষী ফোরামা নেতা হারুনুর রশীদ, মো. টোকন, আব্দুস সালাম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights