যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় সিরিয়ায় কুর্দি ও তুর্কি বাহিনীর মধ্যে যুদ্ধবিরতি

অনলাইন ডেস্ক

সিরিয়ার মানবিজ শহরের কাছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি নেতৃত্বাধীন সিরিয়ান ডেমোক্র্যাটিক ফোর্সেস (এসডিএফ) এবং তুরস্ক-সমর্থিত সিরিয়ান ন্যাশনাল আর্মি (এসএনএ)-এর মধ্যে তীব্র সংঘাত শেষে যুদ্ধবিরতির ঘোষণা এসেছে। এসডিএফের কমান্ডার মাজলুম আবদি এক্স-এ পোস্ট করে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় এই যুদ্ধবিরতি চুক্তি সম্পন্ন হয়েছে।

মাজলুম আবদি জানান, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই চুক্তি করা হয়েছে। ২৭ নভেম্বর থেকে চলমান হামলা প্রতিরোধে মানবিজ মিলিটারি কাউন্সিলের যোদ্ধারা দ্রুত এলাকা ছেড়ে চলে যাবে। এছাড়া তিনি বলেন, সিরিয়াজুড়ে যুদ্ধবিরতি নিশ্চিত করা এবং দেশের ভবিষ্যৎ নির্ধারণে রাজনৈতিক প্রক্রিয়ায় প্রবেশ করাই আমাদের লক্ষ্য।

এরদোয়ানের মন্তব্য
তুরস্কের রাজধানী আঙ্কারায় এক পার্টি সম্মেলনে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান সিরিয়ার ভৌগোলিক অখণ্ডতা রক্ষার অঙ্গীকার করেন। তিনি বলেন, সিরিয়া আবার বিভক্ত হতে পারে না। সিরিয়ার জনগণের স্বাধীনতা ও নতুন প্রশাসনের স্থিতিশীলতার ওপর যে কোনো আঘাত আমরা রুখে দেব।

তিনি আরও উল্লেখ করেন, তুরস্ক সিরিয়ায় পিকেকে এবং দাইশ (আইসিস) সন্ত্রাসবাদকে চূর্ণ করবে। এরদোয়ান বলেন, ‘সিরিয়ার জনগণের বিপ্লব আমাদের জন্য এক অনন্য উদাহরণ।’

সিরিয়ায় তুরস্কের অবস্থান
সিরিয়ার সংঘাত শুরুর পর থেকেই তুরস্ক আসাদবিরোধী বিদ্রোহীদের সমর্থন দিয়ে আসছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে আঙ্কারা আসাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার চেষ্টা চালায়। যদিও এই উদ্যোগে আসাদের পক্ষ থেকে শুরুতে ইতিবাচক সাড়া পাওয়া গেলেও পরবর্তীতে সেই প্রক্রিয়া স্থবির হয়ে পড়ে। এরপর বিদ্রোহীদের আসাদবিরোধী অভিযানে সবুজ সংকেত দেয় তুরস্ক।

সিরিয়ায় কুর্দি বাহিনীর স্বশাসন এবং পিকেকে-ওয়াইপিজি গোষ্ঠীর প্রভাব নিয়ে তুরস্কের কৌশলগত অবস্থান এবং সাম্প্রতিক যুদ্ধবিরতি দেশটির রাজনৈতিক ও সামরিক পরিকল্পনায় নতুন মাত্রা যোগ করবে বলে ধারণা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights