দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান
দিনাজপুর প্রতিনিধি
অনিয়মের অভিযোগে দিনাজপুরে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে ৭টি বীজ বিক্রয় ডিলারকে ৪৪ হাজার টাকা জরিমানা করেছেন। ডিলারদের বিরুদ্ধে অভিযোগ, চড়াদামে ভুট্টা ও আলু বীজ বিক্রয়, বীজ বিক্রয়ে ইনভয়েস না থাকা, মূল্য তালিকা, মজুত ও ক্যাশ মেমো না থাকা এবং খাবার আলুকে বীজ হিসেবে বিক্রয় করা।
১৪ ও ১৫ ডিসেম্বর দুইদিন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মমতাজ বেগম ও বীজ প্রত্যয়ন অফিসার আব্দুল গফ্ফার আল হাদীর নেতৃত্বে যৌথভাবে মার্কেট মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করেন।
অভিযানে খানসামা ও বীরগঞ্জ উপজেলায় মোট ৭টি ডিলার প্রতিষ্ঠানকে ৪৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ব্যাপারে জেলা বীজ প্রত্যয়ন অফিসার আব্দুল গফ্ফার আল হাদী জানান, কৃষকরা যেন প্রতারিত না এজন্য প্রতিটি উপজেলায় ডিলারদের কার্যক্রম মনিটরিং করা হচ্ছে। কৃষকদের কাছ থেকে অভিযোগ পাওয়া গেলে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মোবাইল কোট পরিচালনার মাধ্যমে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে।
