লালমনিরহাটে ১৫ দিনব্যাপী বউ-জামাই মেলা শুরু

লালমনিরহাট প্রতিনিধি

বিজয় দিবস উপলক্ষ্যে লালমনিরহাটে দীর্ঘ ১৫ বছর পর ১৫ দিনব্যাপী বউ-জামাই মেলার উদ্বোধন করা হয়েছে। সোমবার বিকালে সদর উপজেলার বড়বাড়ি শহীদ আবুল কাশেম কলেজ মাঠে লালমনিরহাট জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিসেস লায়লা হাবিব প্রধান অতিথি হিসেবে বউ-জামাই মেলার উদ্বোধন করেন। এর আগে সকালে একই মাঠে বিভিন্ন প্রজাতির মাছ মেলার উদ্বোধন করেন সাবেক উপমন্ত্রী ও বিএনপির রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু।

বিজয় দিবস উপলক্ষ্যে দীর্ঘ ১৫ বছর বিনোদন বঞ্চিত ছিল লালমনিরহাটবাসী। জেলাবাসীর কথা বিবেচনা করে সোমবার থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ১৫ দিনব্যাপী বড়বাড়ি আবুল কাশেম ডিগ্রি কলেজ মাঠে স্থানীয়দের উদ্যোগে বউ-জামাই মেলা আয়োজন করা হয়েছে।

এবার বউ-জামাই মেলায় মৎস্য স্টল, পিঠা স্টল ও অন্যান্য প্রসাধনী পণ্যের স্টল স্থান পেয়েছে। গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী বউ-জামাই মেলার প্রথম দিনই উপচে পড়া ভিড় দেখা গেছে। গলায় মালা ও শাড়ি পরে মেয়ে-জামাই মেলায় এসে আনন্দ উপভোগ করেছেন। জেলার বিভিন্ন প্রান্ত ও আশপাশের জেলা থেকে দর্শণার্থীরা মেলায় যোগ দিয়েছেন। মেলায় হরেক রকমের পিঠা ও নানা প্রজাতির মাছ নিয়ে দোকানিরা পসরা সাজিয়ে বসেছেন। মেলায় প্রতিদিন সকালে মৎস্য উৎসব ও বিকাল থেকে রাত পর্যন্ত চলবে পিঠা উৎসব।

মেলার প্রধান পৃষ্ঠপোষক অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু বলেন, আমাদের উত্তরাঞ্চলের গ্রাম বাংলার ঐতিহ্য বিভিন্ন রসালো পিঠা আজ ফাস্ট ফুডের ভিড়ে হারিয়ে যেতে বসেছে। তাই এই হারানো ঐতিহ্যকে ফিরে আনতে আমাদের এই সামান্য আয়োজন বউ-জামাই মেলা। পাশাপাশি এখানে মাছের মেলারও আয়োজন করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা মাছে ভাতে বাঙালি। বউ-জামাই মেলায় অত্রাঞ্চলের মেয়েরা তাদের জামাই সাথে করে মেলায় আসবে। মেলায় ঘোরাঘুরি শেষে জামাই শ্বশুরবাড়ি মাছ কিনে নিয়ে মাছ দিয়ে ভাত খেয়ে তারপর ফিরে যাবে। আমরা দীর্ঘ ১৫ বছর বিভিন্ন বিনোদন থেকে বঞ্চিত ছিলাম। আমাদের এই সামান্য আয়োজন এই এলাকার লোকজনকে কিঞ্চিৎ পরিমাণ হলেও আনন্দ দেবে বলে আমি আশা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights