আস্থা ভোটে হেরে গেলেন জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস

অনলাইন ডেস্ক

আস্থা ভোটে হেরে গেছেন জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। ফলে এখন তাকে সংসদ ভেঙে দেওয়ার অনুরোধ জানাতে হবে রাষ্ট্রপতিকে। এতে আগামী ২৩ ফেব্রুয়ারি দেশটিতে আগাম নির্বাচনের পথ সুগম হলো।

ওলাফ শলৎসের ওপর দেশটির বেশিরভাগ সংসদ সদস্য অনাস্থা জ্ঞাপন করায় বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপের বড় অর্থনীতির দেশটিতে। শলৎসের দল তাদের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষার জন্য এখন আগাম নির্বাচনের দিকেই তাকিয়ে থাকবে।

বৃহস্পতিবার জার্মান পার্লামেন্টে অনুষ্ঠিত ভোটে ৭১৭ সংসদ সদস্য তাদের মতামত প্রদান করেন। এরমধ্যে বর্তমান চ্যান্সেলরের বিপক্ষে ভোট পড়ে ৩৯৪টি, ওলাফ শলৎসের পক্ষে ভোট দেন ২০৭ জন। ভোটদানে বিরত থাকেন ১১৬ জন।

দেশের অর্থনীতি ও বাজেট সংক্রান্ত বিষয়ে বিতর্কের জেরে দুই মাস আগে শলৎসের তিন দলীয় জোট সরকারের ভাঙন দেখা দিলে অনাস্থা ভোটের আহ্বান জানান শলৎস। অবশ্য শলৎসের ওপর সাংসদরা আস্থা রাখবেন না সেটি আগে থেকেই অনেকটা অনুমেয় ছিল।

চলমান পরিস্থিতিতে জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক-ভাল্টার স্টাইনমায়ারকে আগামী ৬০ দিনের মধ্যে নতুন নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে। এই সিদ্ধান্ত নিতে ২১ দিন সময় পাবেন তিনি। এরইমধ্যে ২৩ ফেব্রুয়ারি নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাবনায় সম্মতির ইঙ্গিত দিয়েছেন তিনি। সূত্র: রয়টার্স

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights