নাটোরে বিএনপি নেতার বাড়িতে দুর্বৃত্তদের গুলিবর্ষণ, তাজা গুলি উদ্ধার
নাটোর প্রতিনিধি
নাটোরের বাগাতিপাড়ায় বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরীর বাড়িতে মধ্যরাতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পরে ওই বাড়ি থেকে পিস্তলের দুই রাউন্ড তাজা গুলি ও ৭ রাউন্ড খালি খোসা উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
সোমবার দিবাগত রাত একটার দিকে উপজেলার জয়ন্তিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আব্দুর রশিদ চৌধুরী উপজেলার দয়ারামপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি।
বিএনপি নেতা আব্দুর রশিদ চৌধুরী জানান, রাতে আমরা পরিবারের চার সদস্য সবাই ঘুমিয়েছিলাম। হঠাৎ রাত ১টার দিকে বিকট গুলির শব্দে ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠে বের হলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। গুলিতে বাড়ির জানালার থাই গ্লাস, ওয়াল ফুটো হয় এবং জানালার গ্রিল বাকা হয়ে যায়। থানায় খবর দিলে পুলিশ রাতেই ঘটনাস্থল পরিদর্শনে আসে। এ ঘটনার সঙ্গে জড়িতরে গ্রেফতার করে আইনের আওতায় আনার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করছি।
বাগাতিপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অমিনুল হক বলেন, খবর পেয়ে পুলিশ রাতেই ঘটনাস্থলে পরিদর্শন করেছেন। পরে বাড়ি থেকে পিস্তলের দুই রাউন্ড তাজা গুলি ও ৭ রাউন্ড খালি খোসা উদ্ধার করেছে। রিপোর্ট লেখা পর্যন্ত এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছিল।
