এবার ইইউ’র ওপর শুল্ক আরোপে ট্রাম্পের হুঁশিয়ারি!
অনলাইন ডেস্ক
রিপাবলিকান নেতা ডোনাল্ড ট্রাম্প আগামী মাসে দ্বিতীয় মেয়াদে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। যদিও তার আগেই নানা ইস্যুতে মন্তব্য করে প্রতিদিনই সংবাদের শিরোনাম হচ্ছেন তিনি। এবার বৃহৎ বাণিজ্য অংশীদার ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) হুঁশিয়ারি দিলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট।
যুক্তরাষ্ট্র থেকে আরও বেশি করে তেল-গ্যাস না কিনলে ইইউর ওপর পূর্ণ শুল্ক আরোপ করার কথা জানান তিনি। স্থানীয় সময় শুক্রবার নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে ইইউ’র প্রতি এমন কড়া সতর্কবার্তা জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।
ট্রাম্প বলেন, ইইউকে বলেছি, আমাদের থেকে বড় আকারে তেল ও গ্যাস কিনে তাদের বিশাল বাণিজ্য ঘাটতি পূরণ করতে হবে। তা না হলে, পুরোপুরি শুল্ক আরোপ হবে।
এদিকে এরই মধ্যে কানাডা, মেক্সিকো এবং চীনের বিরুদ্ধে কঠোর শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। এতে বৈশ্বিক অর্থনীতিতে অস্থিরতা সৃষ্টির শঙ্কা রয়েছে।
ইইউর একজন মুখপাত্র জানিয়েছেন, তারা আলোচনার জন্য প্রস্তুত। ইইউ এরই মধ্যে যুক্তরাষ্ট্র থেকে বিপুল পরিমাণে তেল ও গ্যাস আমদানি করছে। তবে যদি যুক্তরাষ্ট্র উৎপাদন না বাড়ায় বা এশিয়ার মতো বড় ক্রেতাদের সরবরাহ সীমিত না হয়, তাহলে অতিরিক্ত আমদানি সম্ভব হবে না।
সূত্র: আল জাজিরা
