ফরিদপুরে চিকিৎসকের উপর হামলাকারীদের গ্রেফতার দাবি

ফরিদপুর প্রতিনিধি

ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক ডা. শাহীন জোয়ার্দ্দারের উপর হামলার সাথে জড়িতদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ও অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে সর্বস্তরের নাগরিকদের নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি পুরাতন বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে মেডিকেল কলেজে গিয়ে শেষ হয়।

পরে সেখানে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে অবরোধ কর্মসূচি পালন করে চিকিৎসক, শিক্ষক, বিভিন্ন কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের মানুষ। অবরোধ কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা, কোতয়ালী থানাও ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামানসহ স্থানীয় নেতৃবৃন্দরা।

এ সময় বক্তারা ডা. শাহীন জোয়ার্দ্দারের উপর হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। একই সাথে দ্রুততম সময়ের মধ্যে মূল হামলাকারীকে গ্রেফতার করা না হলে বৃহত্তর আন্দোলনের মাধ্যমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ ছাড়া সব বিভাগের কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারী দেওয়া হয়। মেডকেল কলেজের অধ্যক্ষ ডা. দিলরুবা জেবা বলেন, যে কোন মূল্যে চিকিৎসকের উপর হামলার বিচার করতে হবে। তা না হলে কর্মরত চিকিৎসকেরা আগামী দিনে জনগণের স্বাস্থ্যসেবা দিতে অনীহা প্রকাশ করবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার ফরিদপুর মেডিকেল কলেজের সহযোগী অধ্যাপক শাহীন জোয়ার্দ্দারের উপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় কোতয়ালী থানায় দায়ের করা মামলায় পুলিশ তিনজনকে গ্রেফতার করেছে। তবে মূল হামলাকারী এখনো ধরা ছোঁয়ার বাইরে আছে বলে দাবি ভুক্তভোগীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights