রংপুর রাইডার্স শিরোপা জিততেই এসেছে : মিকি আর্থার

অনলাইন ডেস্ক
পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানো কোচ মিকি আর্থার। সেই আর্থার অক্টোবরের শেষে জড়িয়েছেন বাংলাদেশের ক্রিকেটে, যোগ দিয়েছেন রংপুর রাইডার্সের কোচের পদে।

আর কোচ হয়েই প্রথম অ্যাসাইনমেন্টে দলকে শিরোপা জিতিয়েছেন। ওয়েস্ট ইন্ডিজে গ্লোবাল সুপার লিগ জিতেছে রংপুর। এবার আর্থারের মিশন বিপিএল। ৩০ ডিসেম্বর থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের জন্য কাজও শুরু করে দিয়েছেন। সেই কাজের ফাঁকেই আজ রাজধানীর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্সে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন দক্ষিণ আফ্রিকান কোচ।

তিনি বলেন, ‘অন্য সবার মতো, আমরাও এখানে শিরোপা জিততে এসেছি। তবে এটা বুঝতে পারছি, এখানে অন্যান্য দলও ভালো। আমরা ভালো ক্রিকেট খেলতে চাই। শিরোপা জয়ের জন্য নিজেদের ১০০ ভাগ উজাড় করে দেবো। ’

‘আমি খেলোয়াড়দের চিনি। তাদের যথেষ্ট মেধা আছে। আমাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারলে আমাদের হারানো খুব কঠিন হবে। শেষ চারে জায়গা করে নিতে হবে। ’

পাঁচ দেশের পাঁচটি ফ্র্যাঞ্চাইজি দলকে নিয়ে শুরু হয়েছে গ্লোবাল সুপার লিগের যাত্রা। প্রথমবারই বাজিমাত করেছে রংপুর। শুরুটা ভালো না করলেও শেষ পর্যন্ত হয়েছে চ্যাম্পিয়ন। ওই ছন্দ বিপিএলেও ধরে রাখতে চান আর্থার।

তিনি বলেন, ‘আমরা ওই ছন্দ এখানেও ধরে রাখতে চাই। স্থানীয় খেলোয়াড়দের দিকে দৃষ্টি রাখছি। বিদেশি ক্রিকেটার তো পরিবর্তন হতে পারে। আমরা কিছু দিন সময় পেয়েছি। সবাই জানে তাদের শক্তি কোথায়, দুর্বলতা কোথায়। এই কয়দিনের একসঙ্গে থাকায় আমরা অন্যদের চেয়ে এগিয়ে থাকতে পারি। ’

এবার রংপুর দেশি ক্রিকেটারদের পাশাপাশি বিদেশ থেকেও নিয়ে আসছে পরীক্ষিতদের। নুরুল হাসান সোহান, মাহেদী হাসানদের সঙ্গে মাঠ মাতাবেন অ্যালেক্স হেলসরা। তবে তাদের জন্য দুর্ভাগ্য, চোটের কারণে বিপিএলের শুরুর দিকে থাকতে পারবেন না সৌম্য। এ নিয়ে আফসোস থাকলেও দল নিয়ে খুশি আর্থার।

তিনি বলেন, ‘খুবই খুশি (দল নিয়ে)। সব দলই ভালো খেলোয়াড় নিয়েছে। এই লিগ জয়ের ক্ষেত্রে ভূমিকা রাখবে স্থানীয় পারফর্মারদের পারফরম্যান্স। প্রতিটি একাদশে ৭ জন লোকাল ক্রিকেটার থাকবে। এটা অবশ্যই আপনাকে সুবিধা দেবে। প্রতিটি দলই ভালো। ’

‘বিপিএলের প্রথম অংশে আমরা সৌম্যকে পাচ্ছি না। গ্লোবাল সুপার লিগে সে দুর্দান্ত ফর্মে ছিল। এই ফর্ম ওয়েস্ট ইন্ডিজেও নিয়ে গিয়েছিল দেখে খুব ভালো লাগছে। তাকে না পাওয়াটা অবশ্যই হতাশাজনক। তবে এটা অন্য কারও জন্য সুযোগ তৈরি করছে। আমাদের ভালো দুজন বিদেশি ওপেনার আছে, টেলর ও হেলস, যারা দায়িত্ব নিতে পারে। আফগানিস্তান থেকে আতালও আসবে। তবে সৌম্যকে শুরু থেকে পেলে খুব ভালো হতো। ’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights