অ্যাম্বুলেন্সের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত, আহত ৫
মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জে রোগীবাহী অ্যাম্বুলেন্সের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার এক যাত্রী নিহত হয়েছে। এই ঘটনায় এক শিশুসহ আহত হয়েছে আরও পাঁচজন। রবিবার (২৯ ডিসেম্বর) বিকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতুর ঢালে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আছিয়া বেগমের (৬৫) বাড়ি খুলনা জেলায় বলে জানা গেছে। আহত ৫ জনের মধ্যে আলেয়া খাতুন (৬০), শফিকুল ইসলাম (৬৫) ও অর্থির (১০) পরিচয় জানা গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মোগরাপাড়া চৌরাস্তা থেকে যাত্রী নিয়ে উল্টোপথে গজারিয়ার দিকে যাচ্ছিলো একটি সিএনজি চালিত অটোরিকশা। পথিমধ্যে ঢাকাগামী দ্রুতগতির একটি অ্যাম্বুলেন্স অটোরিকশাটিকে ধাক্কা দিলে এটি দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে মারা যান এক নারী।
দুর্ঘটনায় আহত আলেয়া খাতুন বলেন, ‘গজারিয়া উপজেলায় আনোয়ার গ্রুপে আমার ছেলে রাকিব কাজ করে। ছেলের সঙ্গে দেখা করতে বিয়াইন, ছেলের বউসহ পরিবারের সদস্যদের নিয়ে যাচ্ছিলাম আমি। পথিমধ্যে দুর্ঘটনার শিকার হই আমরা। আমি আর কিছু বলতে পারবো না।’
ঘটনার সত্যতা স্বীকার করে গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ হুমায়ুন কবির বলেন, ‘এমন একটি ঘটনার খবর পেয়েছি। ঘটনাস্থল নারায়ণগঞ্জে সোনারগাঁও উপজেলায় পড়েছে যা কাঁচপুর হাইওয়ে থানার অধীন। আপনারা সংশ্লিষ্ট থানায় যোগাযোগ করতে পারেন।’
কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াহিদ মোর্শেদ জানান, ‘এখনো পর্যন্ত একজন নিহত হওয়ার খবর আমরা জেনেছি। শুনেছি বাকিরা চিকিৎসাধীন। বিস্তারিত পরে বলতে পারবো।’
