রাঙামাটি মারি স্টেডিয়ামে ইয়াং টাইর্গাস ক্রিকেট প্রতিযোগিতা
রাঙামাটি প্রতিনিধি
প্রায় ১০ বছর পর বিসিবির অধীনে রাঙামাটি মারি স্টেডিয়ামে ইয়াং টাইর্গাস ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে। আজ সোমবার সকাল ৯টায় রাঙামাটি মারি স্টেডিয়ামে অনুর্ধ্ব ১৪ ইয়াং টাইর্গাসের ক্রিকেট খেলা উদ্বোধন করেন রাঙামাটি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. রুহুল আমীন।
এ সময় বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির জেলা কোচ মো. রিয়াজ উদ্দীন রাব্বি, চট্টগ্রাম জেলা ক্রিকেট কোচ শেখ বাবুল করিম লিটু, চাঁদপুর জেলা ক্রিকেট কোচ মো. মোদাচ্ছের হোসেন, রাঙামাটি জেলা ক্রিকেট কোচ মনিতোষ দেওয়ান ও রাঙামাটি মারি স্টেডিয়ামে অফিস সচিব মো. আব্দুল করিম লালু উপস্থিত ছিলেন।
প্রথম পর্বে খেলায় অংশগ্রহণ করেন চট্টগ্রাম, খাগড়াছড়ি ও চাঁদপুরের অনুর্ধ্ব ১৪ ইয়াং টাইর্গাসরা।
রাঙামাটি মারি স্টেডিয়ামে অফিস সচিব মো. আব্দুল করিম লালু বলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ড রাঙামাটি মারি স্টেডিয়ামকে ভেন্যু হিসেবে অন্তভুক্ত করার পর প্রথমবার অনুর্ধ্ব ১৪ ইয়াং টাইর্গাস ক্রিকেট প্রতিযোগিতা শুরু হয়েছে।প্রতিযোগিতায় প্রথম পর্বে অংশগ্রহণ করেন চট্টগ্রাম, খাগড়াছড়ি ও চাঁদপুরের টাইর্গাসরা।
তিনি আরও বলেন, প্রায় ১০ বছর পর বিভিন্ন জেলার খেলোয়াড়দের পদচারণায় আবারও প্রাণ চঞ্চলতা ফিরে এসেছে পাহাড়ি অঞ্চলের এ মাঠে। এ মাঠে ইয়াং টাইর্গাস ক্রিকেটারদের ভাগ্য নির্ধারণের পর সেমি ও ফাইনালের প্রতিযোগিতা হবে চট্টগ্রাম ও চাঁদপুরের। তবে মাঠের সংস্কার নিয়ে কিছুটা উদ্বেগ থাকলেও প্রতিযোগিতায় অংশ নিয়ে উচ্ছ্বসিত সবাই।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবির মো. রিয়াজ উদ্দীন রাব্বি বলেন, জেলা পর্যায়ে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতে এ প্রতিযোগিতার আয়োজন করেছে বিসিবি। দীর্ঘদিন পর রাঙামাটির মাঠ কাপাচ্ছে ইয়াং টাইর্গাসরা। বাংলাদেশ ক্রিকেট বোর্ড তদারকি করলে রাঙামাটির মারি স্টেডিয়াম থেকে উঠে আসা ইয়াং টাইর্গাসরা আন্তর্জাতিক পর্যায়ে সুনাম বয়ে আনবে।
