চাকরিচ্যুত বিডিআর সদস্যদের চাকরি পুনবহাল ও নিরীহ কারাবন্দীদের মুক্তির দাবিতে মানববন্ধন
শুভ সরকার, নড়াইল থেকে
চাকরিচ্যুত ব্যক্তিদের চাকরিতে পুনর্বহাল ও নিরীহ কারাবন্দী বিডিআর (বর্তমান বিজিবি) সদস্যদের মুক্তির দাবিতে মানববন্ধন হয়েছে।
চাকরিচ্যুত ও ক্ষতি গ্রস্থ বিডিআর সদস্য ও পরিবার বর্গ নড়াইল জেলার আয়োজনে আজ রোববার সকালে নড়াইল প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন,হাবিলদার তরিকুল ইসলাম, নায়েক, সুবেদার আব্দুল সবুর,জান্নাতি ফেরদৌস রুপা,তসিবুর আলম তৌহিদুল ইসলাম প্রমুখ।
মানববন্ধনে নায়েক সুবেদার তৌহিদুর ইসলাম বলেন, ছাত্র ও সাধারণ মানুষ সংগ্রামের মাধ্যমে স্বৈরাচার শেখ হাসিনা সরকারের পতন ঘটিয়েছেন। ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি শেখ হাসিনা এ দেশের সেনা কর্মকর্তাদের হত্যার নীলনকশা করেন। সেনা কর্মকর্তাদের খুন ও গুমের পর এ দেশের হাজার হাজার নিরীহ বিডিআর সদস্যকে মিথ্যা মামলার মাধ্যমে সাজা দেওয়া হয়। যাঁদের মধ্যে এখনো অনেক বিডিআর জওয়ান বিনা বিচারে জেলখানায় মানবেতর জীবন যাপন করছেন। অনেকেই নিখোঁজ আছেন।
নতুন অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানিয়ে তসিবুর আলম বলেন, ২০০৯ সালের ২৫ ফেব্রুয়ারি হত্যা মামলায় যাঁরা জড়িত, তাঁদের খুঁজে আইনের আওতায় এনে বিচার করতে হবে। আর যাঁরা নিরীহ ও নিরপরাধ বিডিআর সদস্য চাকরিচ্যুত হয়েছেন, তাঁদের চাকরিতে পুনর্বহাল করতে হবে। আর যাঁরা এখনো কারাবন্দী আছেন, তাঁদেরও জেল থেকে মুক্তি দিয়ে চাকরি ফিরিয়ে দিতে হবে।
মানববন্ধনে উপস্থিত জান্নাতি ফেরদৌস রুপা নিজেকে একজন বিডিআর সদস্যের স্ত্রী পরিচয় দিয়ে বলেন, আমার স্বামী ঢাকা পিলখানায় কর্মরত ছিলেন। আমি আমার স্বামীর মুক্তি চাই এবং চাকরিতে পুনর্বহাল চাই।’
মানববন্ধনে বিডিআর সদস্য ও তাঁদের স্বজনেরা উপস্থিত ছিলেন। তাঁরা বিভিন্ন দাবি লেখা প্ল্যাকার্ড নিয়ে মানববন্ধনে অংশ নেন। মানববন্ধন শেষে প্রেস ক্লাবের সামনে থেকে মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ে যায়। এ সময় তাঁরা ‘বিডিআরের চাকরি পুনর্বহাল চাই’, ‘সব বন্দী জওয়ানদের মুক্তি দিতে হবে দিতে হবে’ ইত্যাদি স্লোগান দেন।
নড়াইল-১২.০১.২০২৫
