কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষা ১২ এপ্রিল

অনলাইন ডেস্ক
চলতি বছর নয়টি পাবলিক বিশ্ববিদ্যালয়ের কৃষি গুচ্ছে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ১২ এপ্রিল। ওইদিন বেলা ১১টায় সারাদেশে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। আবেদন শুরু হবে ১৫ ফেব্রুয়ারি থেকে। কৃষি গুচ্ছের নেতৃত্ব দিবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি)।

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকালে গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বাকৃবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. মো. হেলাল উদ্দীন।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বাকৃবির উপাচার্যের অফিসে সকল কৃষি গুচ্ছে উপাচার্যদের নিয়ে সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

হেলাল উদ্দীন বলেন, বাকৃবি উপাচার্যের কক্ষে কেন্দ্রীয় ভর্তি কমিটির ওই সভায় সভাপতিত্ব করেন ভর্তি কমিটির সভাপতি ও বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। সভায় কৃষি গুচ্ছের ২০২৪-২৫ শিক্ষা বর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটা ৩%, প্রতিবন্ধী কোটা-১% এবং উপজাতি, পার্বত্যাঞ্চলের বাংলাদেশি ও অনগ্রসর জাতিগোষ্ঠীর জন্য ১% কোটা রাখার বিষয়ে সিদ্ধান্ত হয়। আগামী ১৫ ফেব্রুয়ারি থেকে আবেদন গ্রহণ শুরু হয়ে চলবে ১৬ মার্চ পর্যন্ত। আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে এক হাজার দু’শত টাকা।

ভর্তি পরীক্ষাসংক্রান্ত অন্য শর্তাবলি অপরিবর্তিত থাকবে। ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য ওয়েবসাইটে (https://acas.edu.bd) পাওয়া যাবে।

কৃষিগুচ্ছে থাকা ৯টি বিশ্ববিদ্যালয় হলো-বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় ও কুড়িগ্রাম কৃষি বিশ্ববিদ্যালয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Verified by MonsterInsights